সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- চিকিৎসায় গাফিলতিতে তিন বছরের শিশুর মৃত্যুর অভিযোগে উত্তাল হয়ে উঠল আসানসোলের সৃষ্টিনগরের বেসরকারি হাসপাতাল।
মৃত শিশুর মা রানিগঞ্জ থানার সিয়ারশোলের বাসিন্দা রিয়াঙ্কা মুখোপাধ্যায় জানান শুক্রবার দুপুরের দিকে তার কন্যা সন্তানের জ্বর আসে। তখন তিনি তাকে বাড়িতে থাকা প্যারাসিটামল খাওয়ান। এরপরই সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। কিন্তু বিকেলের দিকে ফের হাত ও পায়ের তলা ঠান্ডা হয়ে যায়। তখন পরিবারের সদস্যরা তাকে আসানসোলের হিলভিউতে এক শিশু রোগ বিশেষজ্ঞর কাছে নিয়ে যাওয়ার জন্য নাম লেখান। কিন্তু গাড়ি না মেলায় তারা শিশুটিকে আসানসোলে নিয়ে যেতে পারেননি। এরপর রাতে শিশুটিকে রানিগঞ্জের রামবাগানের চিকিৎসক ডাঃ সঞ্জীব তেওয়ারির কাছে নিয়ে যাওয়া হয়। তাঁর পরামর্শ মতো রাতেই শিশুটিকে সেনরেল রোডের সৃষ্টিনগরের ওই বেসরকারি হাসপাতালে ডাঃ দেবজিৎ মুখোপাধ্যায়ের আন্ডারে ভর্তি করা হয়। কিন্তু শনিবার সকালেই শিশুটির মৃত্যু হয়।
রিয়াঙ্কাদেবী ও পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতি ও অবহেলার কারণে তাদের কন্যা সন্তানের মৃত্যু হয়েছে। তারা ওই হাসপাতালের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি করেন। এর পাশাপাশি শিশুর মা বলেন, “রক্ত পরীক্ষার জন্য আমার মেয়ের ব্লাড স্যাম্পেল নেওয়া হচ্ছিলো। তারজন্য মেয়ের হাত সহ বিভিন্ন অংশে সূচ ফোটানো হয়। তা আমি দেখে নার্স ও এক চিকিৎসককে বলি। কিন্তু তারা খারাপ ব্যবহার করে ও জোর করে ধাক্কা দিয়ে ওয়ার্ড থেকে বার করে দেন। এমনকি আমার স্বামীকে ফোন করতে গেলে তাতেও বাধা দেওয়া হয়।”
পরে খবর পেয়ে শিশুর পরিবারের সদস্যরা হাসপাতালে যান এবং হাসপাতালের সামনে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে ছুটে যায় আসানসোল উত্তর থানার পুলিশ। ঘটনা সম্পর্কে জানতে পুলিশ পরিবারের সদস্যদের সাথে ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলে তথ্য সংগ্রহ করে। পুলিশ জানায় মৃত শিশুর পরিবারের তরফে মৌখিক ভাবে অভিযোগ করা হয়েছে। তাদের লিখিত ভাবে অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। তা পেলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
যদিও পুরো বিষয়টি নিয়ে বেসরকারি হাসপাতালের তরফে কোন মন্তব্য করা হয়নি।



















