সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আমেরিকা-ইরান-ইজরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে সারা দেশের পাশাপাশি রাজ্য জুড়ে রান্নার গ্যাস নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে গ্রাহকদের অভিযোগ ফোন কল বা হোয়াটঅ্যাপ ম্যাসেজের মাধ্যমে গ্যাস বুকিং করা যাচ্ছে না। তাই প্রতিদিনই গ্যাস ডিস্ট্রিবিউটরদের অফিসের সামনে সিলিন্ডার নিয়ে দীর্ঘ লাইন দিতে দেখা যাচ্ছে গ্রাহকদের। একই চিত্র ধরা পড়েছে আসানসোলের ও চিত্তরঞ্জন সংলগ্ন এলাকায়। যদিও এলাকার এইচপি গ্যাস ডিলার কর্তৃপক্ষ দাবি করেছেন গ্যাস সরবরাহ বন্ধ হয়নি, স্বাভাবিক রয়েছে।
এই প্রসঙ্গে এইচপি গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছেন, তাদের কাছে গ্যাস সিলিন্ডারের সরবরাহ স্বাভাবিক রয়েছে। আগে যেখানে বুকিং করার ১-২ দিনের মধ্যেই ডেলিভারি হয়ে যেত, এখন সেখানে ৭ থেকে ১০ দিন সময় লাগছে। সিস্টেমে যেভাবে বিল জেনারেট হচ্ছে সেই অনুযায়ীই ডেলিভারি করা হচ্ছে । তাই গ্রাহকদের অযথা আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে । এর পাশাপাশি আরও জানানো হয়েছে আগের ফোন নম্বরের পরিবর্তে এখন ৮৮৮৮৮২৩৪৫৬ নম্বরে ফোন করে গ্যাস বুকিং করা যাচ্ছে। এছাড়াও গ্যাসের বিলের উপর আরও কয়েকটি বুকিং পদ্ধতির উল্লেখ রয়েছে, যার মাধ্যমে সহজেই বুকিং করা যাচ্ছে।
অন্যদিকে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে ইতিমধ্যে রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৬০ টাকা করে বেড়েছে। তার উপর একটি সিলিন্ডার নেওয়ার ২৫ দিনের আগে পরবর্তী বুকিং করা যাচ্ছে না। ফলে রান্নার গ্যাস নিয়ে উদ্বেগ কাটছে না গ্রাহকদের মধ্যে।


















