সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে গত আটদিন ধর্মঘট করছেন আসানসোল পুরনিগমের সাফাই কর্মীরা। ধর্মঘটের জেরে ১০৬টি ওয়ার্ডে সাফাই কাজ বন্ধ, ফলে আবর্জনায় ভরেছে পুর এলাকা। পাড়ায় পাড়ায় রাস্তায় ভ্যাট ও ডাস্টবিনে আবর্জনার স্তূপ জমে রয়েছে। এর মধ্যে বেশ কয়েক দফায় সাফাই কর্মীদের সঙ্গে মেয়র, ডেপুটি মেয়র ও মেয়র পারিষদরা কথা বলেছেন। তারা সাফাই কর্মীদের ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু সাফাই কর্মীরা তাদের অবস্থানে অনঢ় রয়েছেন।
এরই মধ্যে সাফাই কর্মীদের সমস্যার সমাধান করে শহরকে আবর্জনা মুক্ত করার দাবি জানিয়ে শুক্রবার আসানসোল পুরনিগমে বিক্ষোভ দেখায় সিপিএম। বিক্ষোভ শেষে মেয়রের অনুপস্থিতিতে পুরকমিশনারের কাছে সিপিএমের পক্ষ থেকে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়।
পরে সিপিএম নেতা উৎপল চট্টোপাধ্যায় বলেন, “আসানসোল পুরনিগমের সাফাই কর্মীরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য গত আট দিন ধরে ধর্মঘট করছেন কিন্তু পুরনিগম কতৃপক্ষ এই গুরুতর বিষয়টিতে কোন গুরুত্ব দিচ্ছে না। এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর। মানুষকে আবর্জনার স্তূপের মধ্যে বসবাস করতে বাধ্য করা হচ্ছে। পুর এলাকায় সাফাই ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ায় রোগ এবং মহামারীর ঝুঁকি বেড়েছে। পরিস্থিতি যদি এই রকম থাকে, তাহলে তা আরো ভয়াবহ হতে পারে। “
প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল কংগ্রেসের এক প্রতিনিধি দল এই সমস্যা সমাধানের জন্য ডেপুটি মেয়র ও মেয়র পারিষদের সাথে দেখা করে ও সমস্যা সমাধানের আবেদন জানায়।


















