সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- পশ্চিম বর্ধমান জেলায় ভোটের প্রস্তুতি চলছে চূড়ান্ত পর্যায়ে। আগামী ২৩ এপ্রিল জেলায় ভোটগ্রহন পর্ব। শুক্রবার আসানসোলে জেলাশাসক কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে ভোটের প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানান জেলাশাসক এস পোন্নাবলম।
এবার জেলার নয়টি বিধানসভার ২,৫০৪টি বুথে ভোটের জন্য প্রায় ১৪ হাজার ভোটকর্মী নিয়োগ করা হয়েছে। যার মধ্যে ৩০% রিজার্ভ ভোটকর্মী রাখা হয়েছে। এই বুথের মধ্যে ২৪৩টি মহিলা পরিচালিত পিঙ্ক বুথ। এছাড়াও জেলার নয়টি বিধানসভা কেন্দ্রে নয়টি মডেল বুথ স্থাপন করা হবে। প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ভোটকর্মীদের দ্বারা একটি বিশেষ বুথ পরিচালিত হবে। এই বুথের ভোট কর্মীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া যেসব ভোটকেন্দ্রে ভোটার ১,২০০-এর বেশি, সেইসব বুথে একটি করে অক্সিলারি বা অতিরিক্ত বুথ করা হবে। এমন বুথের সংখ্যা ৮৪টি।
ভোটের জন্য ভোটকর্মীদের প্রশিক্ষন শুরু হয়েছে শুক্রবার থেকে। এদিন দুর্গাপুর এনআইটিতে প্রথম দফায় ভোট কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। শনিবার আসানসোল ডিএভি স্কুলে আসানসোলের ভোট কর্মীদের প্রশিক্ষণ হবে।
বৈঠকে জেলাশাসক জানান, একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী গোটা জেলায় প্রথম দফায় রুটমার্চ করেছে। স্পর্শকাতর জায়গায় বেশি করে কেন্দ্রীয় বাহিনী টহল দিয়েছে। এছাড়া ভোটারদের নিরাপত্তা নিশ্চিৎ করতে আগামী দিনে আরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জেলায় আসবে।


















