eaibanglai
Homeএই বাংলায়রানিগঞ্জে চাল ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা

রানিগঞ্জে চাল ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- রেশন দুর্নীতি মামলার তদন্তে ফের সক্রিয় হল ইডি। শুক্রবার কলকাতা, হাওড়া, বনগাঁ, মুর্শিদাবাদ-সহ রাজ্যের মোট ১২টি জায়গায় একযোগে অভিযান চালায় কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি।

রাজ্যের একাধিক জায়গার পাশাপাশি এদিন আসানসোলের রানিগঞ্জ শহরের চাল ব্যবসায়ী অজয় কয়ালের বাড়িতেও অভিযান চালায় ইডি। এদিন ভোরে চার গাড়ি কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রানিগঞ্জের এমএসবি রোডের শিশুবাগান মোড় এলাকায় চাল ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় চার পাঁচ জনের তদন্তকারী আধিকারিকের একটি দল। প্রায় ১২ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালানোর পর সন্ধ্যের সময় ইডি আধিকারিকরা ফিরে যান।

জানা গেছে, চাল ব্যবসায়ী অজয় কয়াল শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা ভারতে নয়, বিদেশেও চাল রপ্তানি করেন। চাল ছাড়াও ব্যবসায়ীর প্রায় পাঁচ থেকে ছটি খাদ্য সরবরাহ সংস্থা রয়েছে। যা তারা কয়েকজন ভাই মিলে চালান। এই ব্যবসা সূত্রে রানিগঞ্জ শহরে বহুদিনের বাস কয়াল পরিবারের।

যদিও ব্যবসায়ীর বাড়িতে অভিযান নিয়ে ইডির আধিকারিকদের তরফে কোন মন্তব্য করা হয়নি, তবে সূত্রের খবর রেশন দুর্নীতি মামলাতেই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। ইডি সূত্রের খবর, রেশন দুর্নীতি মামলায় এক ব্যক্তি গ্রেপ্তার হন। তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক ব্যবসায়ীর নাম ইডির হাতে আসে। সেই সূত্রেই এদিনের তল্লাশি।

উল্লেখ্য, ২০২০ সালে নদিয়া থেকে ৭৬২ কিলো কালোবাজারির আটা উদ্ধারকে কেন্দ্র করেই রেশনে দুর্নীতির তথ্য পুলিশের হাতে আসে। প্রথমে নদিয়ার তিনটি থানায় অভিযোগ দায়ের হয়। পরবর্তীতে অভিযোগ ওঠে, রেশনের ২০ থেকে ৪০ শতাংশ গম সরিয়ে ফেলে তা সরকারি ছাপ দিয়েই কালোবাজারিতে বিপুল টাকায় বিক্রি করা হত। এর তদন্তভার পায় ইডি। তারপরই রাজ্যের প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হন। তার বিরুদ্ধে রেশন দুর্নীতির অভিযোগ আনে ইডি। যদিও পরে জামিনে মুক্তি পান মন্ত্রী। বর্তমানে তিনি হাবড়া কেন্দ্রে প্রার্থী হয়ে ভোটে লড়ছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments