সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলের রূপনারায়ণপুর রেলগেটে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম রাহুল প্রসাদ (৪০)। তিনি রূপনারায়ণপুর পিঠাকিয়ারি এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান এদিন বিকেল তিনটে নাগাদ হাওড়া-দিল্লি ট্রেন (১৭০০৮) ডাউন লাইনে যাওয়ার সময় হয়ে যাওয়ায় যথারীতি রেলগেট আগেই বন্ধ হয়ে যায়। এদিকে সেই সময় রূপনারায়ণপুরের ডাবর মোড়ের দিক থেকে পিঠাকিয়ারির দিকে আপন মনে হেঁটে যাচ্ছিলেন ওই ব্যক্তি। বন্ধ রেল গেটের তলা দিয়ে তিনি ঢোকার চেষ্টা করলে সেখানে উপস্থিত মানুষজন তাকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু ওই ব্যক্তি তাদের হাত ছাড়িয়ে রেললাইন পার করার চেষ্টা করেন। আরই তখনই অত্যন্ত দ্রুত গতিতে এসে পরে ট্রেন এবং ট্রেনের ধাক্কায় বেশকিছুটা দূরে ছিটকে পড়েন পথচারী ব্যক্তি। তার মাথা ছিন্নভিন্ন হয়ে যায়।
খবর পেয়ে দ্রুত সীতারামপুর আরপিএফ ঘটনাস্থলে পৌছায় এবং দেহ উদ্ধার করে নিয়ে যায়। অন্যদিকে মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান মৃত ব্যক্তি রাহুল প্রসাদের ভাই চিত্তরঞ্জনের রেল কর্মী রোহিত প্রসাদ।
রোহিত জানান, পাঁচ ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় রাহুল অবিবাহিত। তিনি আগে চিত্তরঞ্জনের ফতেপুর এলাকায় থাকতেন। মাস কয়েক হল পিঠাকিয়ারিতে ঘর ভাড়া নিয়ে একাই থাকছিলেন। তাদের বাবা মহাদেব প্রসাদের মৃত্যু হলে মৃত রাহুলের ভাই রোহিত রেলে চাকরি পান।


















