সংবাদদাতা, আসানসোল -: মঙ্গলবার দুপুরে আসানসোলর কালীপাহাড়ি এলাকায় একদল দুষ্কৃতী তাণ্ডব চালিয়ে প্রায় দুই শতাধিক বছরের পুরনো মন্দিরের ভেতরে থাকা কালী, শিব এবং হনুমানের মূর্তি ভাঙচুর করে। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ছুটে যায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সকালে যখন বাসিন্দারা মন্দিরে পুজো করেন তখন সব ঠিকই ছিল। কিন্তু দুপুরের দিকে এসে তারা দেখতে পান মন্দিরে ভাঙচুর করা হয়েছে।
ঘটনায় অসন্তোষ প্রকাশ করে স্থানীয়দের দাবি, অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দোষীদের কঠোরতম শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে । অন্যদিকে খবর পেয়ে এলাকায় পৌঁছয় স্থানীয় কাউন্সিলর মীনা কুমারী হাঁসদা এবং ওয়ার্ড সভাপতি মনোজ হাজরা। তাঁরা দাবি করেন, নির্বাচনের আগে সুস্থ পরিবেশ নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে এই কাজ করা হয়েছে। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়ার তারা দাবি জানান। পাশাপাশি শান্ত থাকার জন্য এলাকার জনগণের কাছে আবেদনও জানান তাঁরা। এদিন সন্ধ্যায় আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালও এলাকায় যান এবং ঘটনার প্রতিবাদে সরব হন। তিনি পুলিশের কাছে ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় শান্তি বজায় রাখতে নজরদারিও বাড়ানো হয়েছে।



















