eaibanglai
Homeএই বাংলায়আসানসোলে মোদীর তোপ, পাল্টা আক্রমণে তৃণমূল

আসানসোলে মোদীর তোপ, পাল্টা আক্রমণে তৃণমূল

​সংবাদদাতা, আসানসোল -: গত ৯ ই এপ্রিল শিল্পাঞ্চল আসানসোলের নির্বাচনী জনসভা থেকে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয়, সন্দেশখালি ইস্যু সহ একাধিক বিষয়ে তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তোলেন তিনি। তবে প্রধানমন্ত্রীর এই আক্রমণের কয়েক ঘণ্টার মধ্যে সেদিন রাতেই পাল্টা জবাব দিয়েছে তৃণমূল শিবির।

আসানসোলের দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা পান্ডবেশ্বরের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং আসানসোল উত্তরের প্রার্থী মলয় ঘটক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রের শাসক দল বিজেপিকে পাল্টা আক্রমণ করেন। তারা সরাসরি অভিযোগ করেন, ‘মিথ্যাচারের রাজনীতি’ করছেন ​প্রধানমন্ত্রী। তৃণমূলের দাবি, নির্বাচনের আগে মোদী বাংলায় এসে ‘মিথ্যা প্রতিশ্রুতি’ দেন, কিন্তু নির্বাচনের পর বাংলাকে বঞ্চনা করাই বিজেপির প্রধান কাজ।তৃণমূলের জেলা নেতৃত্বের দাবি,​”প্রধানমন্ত্রী আসানসোলে এসে কেবল কুৎসা করে গেলেন। শিল্পাঞ্চলের মানুষ জানেন, রেল ও কয়লা শিল্পে বেসরকারিকরণের মাধ্যমে বিজেপি কর্মসংস্থান নষ্ট করছে। মানুষের পেটে লাথি মেরে মুখে বড় বড় কথা মানায় না।” তৃণমূল নেতাদের পাল্টা প্রশ্ন, “গত ১০ বছরে আসানসোলের ক’টি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবিত করেছে কেন্দ্র?”

আসানসোল লোকসভা কেন্দ্র বরাবরই হাই-প্রোফাইল লড়াইয়ের সাক্ষী। একদিকে মোদীর এই আক্রমণ যেমন বিজেপি কর্মীদের চাঙ্গা করতে সাহায্য করবে, অন্যদিকে তৃণমূলের এই পাল্টা প্রচার সাধারণ ভোটারদের মনে কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments