eaibanglai
Homeএই বাংলায়নির্বাচন ঘোষণার আগেই বিধান উপাধ্যায়ের নামে দেওয়াল লিখন আসানসোলে, বিতর্ক

নির্বাচন ঘোষণার আগেই বিধান উপাধ্যায়ের নামে দেওয়াল লিখন আসানসোলে, বিতর্ক

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- চলতি বছরেই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। এসআইআর-এর কাজ শেষ হলে নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করবে বলে অনুমান ওয়াকিবহাল মহলের। ফলে কোন রাজনৈতিক দল থেকে এখনও আনুষ্ঠানিক ভাবে প্রার্থী তালিকাও প্রকাশ করা হয়নি। কিন্তু আসানসোলের বারাবনি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বর্তমান বিধায়ক তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের নামে ইতিমধ্যে নির্বাচনী প্রচার শুরু হয়ে গেছে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

এই বিধানসভার সালানপুর ব্লকের একাধিক জায়গায় বিধান উপাধ্যায়ের নামে দেওয়াল লিখন করা হয়েছে। যেখানে লেখা হয়েছে “২০২৬-এ আবারও বিধান উপাধ্যায়”, “ঘরের ছেলে ও কাজের ছেলে বিধান উপাধ্যায় কে জোড়া ফুল চিহ্নে ভোট দিন”, আবার কোথাও লেখা হয়েছে “আসন্ন ২০২৬ বিধান সভা নির্বাচনে বারাবনি বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিধান উপাধ্যায়কে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন”।

প্রার্থী তালিকা প্রকাশ হয়নি, তবুও দেওয়াল লিখনে প্রার্থী হিসেবে কারও নাম লিখে প্রচার কি করে করা হচ্ছে। এই প্রশ্নের উত্তরে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং বলেন, “এটা দলের তরফে কোনো নির্দেশ দেওয়া হয়নি। বিধান উপাধ্যায় কর্মীদের কাছে একটা আবেগ ও ভরসা। তিনি মানুষের কাছে শুধু বিধায়ক নন, তিনি হচ্ছেন ঘরের ছেলে। দলের কর্মীদের এই আবেগ ও ভরসাকে তো আর বারণ করা যায়না।”

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা-কর্মীদের দাবি, বিধান উপাধ্যায় বারাবনির সাধারণ মানুষের পাশে সবসময় থেকেছেন। তার হাত ধরে প্রচুর উন্নয়ন হয়েছে। বিশেষ করে শিল্পাঞ্চল ও গ্রামীণ এলাকার সমস্যা নিয়ে তিনি কাজ করেছেন। তাই সাধারণ মানুষের মধ্যে তাঁর প্রতি ব্যাপক সমর্থন রয়েছে এবং এলাকাবাসী চান আগামী নির্বাচনেও তিনিই প্রার্থী হোন। তাই কারো অনুমতি ছাড়াই আগে থেকেই দেওয়াল লিখিন শুরু করেছেন তারা।

যদিও বিধান উপাধ্যায় নিজে দাবি করেছেন, এই কাজ করা উচিত হয়নি। দল যখন নাম ঘোষণা করবে, তখনই প্রার্থীর নাম লেখা উচিত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments