সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- রান্নার জন্য ব্যবহৃত এলপিজি গ্যাস সিলিন্ডারকে প্রতীকী হিসেবে শবশয্য়া সাজিয়ে মাটির চুল্লিতে খিচুড়ি রান্না করে অভিনব উপায়ে প্রতিবাদ। শনিবার আসানসোলে এভাবেই গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির প্রতিবাদে সরব হল মহিলা কংগ্রেস। কংগ্রেস নেতৃত্বের দাবি, রান্নার গ্যাসের দাম লাগাতার বেড়ে চলায় সাধারণ মানুষের পক্ষে গ্যাসে রান্না করা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। তাই মানুষকে বাধ্য হয়ে আবারও চুল্লির উপর নির্ভর করতে হচ্ছে।
এদিন আসানসোলের রবীন্দ্র ভবনের কাছে অবস্থিত বিএনআর মোড়ে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস নেতৃত্ব ও মহিলা কংগ্রেসের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। কংগ্রেস নেত্রী শ্রীলতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের নীতির সমালোচনা করে বলেন, “সরকারের বিভিন্ন নীতির কারণে দেশের সাধারণ মানুষ আজ চরম সমস্যার মধ্যে পড়েছে। তিনি অভিযোগ করেন, রান্নার গ্যাস থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম লাগাতার বাড়ছে, যার ফলে সাধারণ মানুষের পক্ষে সংসার চালানো ক্রমশ কঠিন হয়ে উঠছে। তিনি আরও বলেন, সরকার এক সময় ‘অচ্ছে দিন’-এর প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষকে মূল্যবৃদ্ধি ও বেকারত্বের সঙ্গে লড়াই করতে হচ্ছে।”
অন্যদিকে কংগ্রেস নেতা প্রসেনজিৎ পোইতুন্ডি বলেন, “গত ১২ বছরে কেন্দ্র সরকারের বিভিন্ন নীতির কারণে সাধারণ মানুষকে বহুবার সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এরই মধ্যে সিলিন্ডারের দামে ৬০ টাকা বৃদ্ধি পাওয়ায় তার সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের পকেটে।”
প্রসঙ্গত আন্তর্জাতিক যুদ্ধের প্রেক্ষাপটে সম্প্রতি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধি করেছে সরকার। পাশাপাশি রান্নার গ্যাসের বুকিং নিয়েও নতুন নিয়ম জারি করা হয়েছে পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে। এই পরিস্থিতির মধ্যে গ্যাসের সিলিন্ডার নিয়ে দেশজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে গ্রাহকদের মধ্যে। যদিও কেন্দ্রের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে দেশে এলপিজি সিলিন্ডারের কোন ঘাটতি নেই।


















