eaibanglai
Homeএই বাংলায়দলীয় পাতাকা অবমাননার অভিযোগ, জেলায় জেলায় তৃণমূল-বিজেপি তরজা

দলীয় পাতাকা অবমাননার অভিযোগ, জেলায় জেলায় তৃণমূল-বিজেপি তরজা

সংবাদদাতা,বাঁকুড়া ও পুরুলিয়াঃ- দলীয় পাতাকা অবমাননার অভিযোগে জেলায় জেলায় শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা। প্রসঙ্গত, রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজেপির পরিবতর্ন যাত্রা। অভিযোগ পরিবর্তন যাত্রার কর্মসূচির পর জায়গায় জায়গায় শাসক দল তৃণমূলের দলীয় পাতাকা খুলে ফেলে দেওয়া হচ্ছে।

পুরুলিয়ায় বান্দোয়ানে দলীয় পাতাকা খুলে ফেলে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার বরাবাজার-মানবাজার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে বান্দোয়ান বিধানসভার বরাবাজার ব্লকের বাঁশবেড়া অঞ্চলের সারগো গ্রামে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা মাটিতে অবমাননাকর অবস্থায় পড়ে থাকতে দেখেন কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়ায়। শাসক দলের অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই বিরোধীরা এই কাজ করেছে। প্রতিবাদে তৃণমূল কর্মী-সমর্থকরা বরাবাজার মানবাজার রাজ্য সড়ক অবরোধ করেন। অবরোধ স্থলে উপস্থিত হয়ে বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মাহাতো ও সহ-সভাপতি উত্তম মিশ্র বলেন, “এটি রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। গণতান্ত্রিক পরিবেশে যারা লড়াই করতে পারে না, তারাই রাতের অন্ধকারে এই ধরণের হীন কাজ করছে।” অন্যদিকে, বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সহ-সভাপতি সুমিত মণ্ডল কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি আগামী দিনে ঝড়-বৃষ্টির দোহাই দিয়ে কেউ শুধু তৃণমূলের পতাকাই মাটিতে ফেলার চেষ্টা করে, তবে আমরা সেটা মেনে নেব না। প্রশাসনকে জানানো হয়েছে। এরপর যদি আবার কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হয়, তবে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।” যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে তৃণমূলের আনা অভিযোগ অস্বীকার করা হয়।

অন্যদিকে বাঁকুড়া রানিবাঁধেও এদিন দলীয় পাতাকা নিয়ে শাসক বিরোধী তৃণমূল ও বিজেপির মধ্যে তরজা বাধে। রানিবাঁধ বিধানসভার খাতড়ার সুপুরে বিজেপির পরিবর্তন যাত্রার পর তৃণমূলের দলীয় পাতাকা খুলে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে।

জানা যায়, সোমবার রানিবাঁধ বিধানসভা এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচিতে খাতড়ার সুপুরে একটি জনসভা হয়। তার আগেই বিজেপি অভিযোগ করেছিল, তাদের কাটআউট ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে এবং দলীয় পতাকা খুলে নদীতে ফেলে দেওয়া হয়েছে। এরপর মঙ্গলবার তৃণমূলের তরফে থেকে দাবি করা হয়, সুপুর মোড় এলাকায় আগে থেকেই লাগানো তাদের দলীয় পতাকাগুলি বিজেপি কর্মীরা খুলে মাটিতে ফেলে দেয়। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিজেপি। বিজেপির দাবি, কোনো রাজনৈতিক দলের পতাকাকে অসম্মান করা বিজেপির সংস্কৃতি নয়। তাদের ঘোষিত কর্মসূচির আগেই তৃণমূল এলাকাজুড়ে প্রচুর পতাকা লাগিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছে এবং পরে নিজেরাই নাটক করছে।

সব মিলিয়ে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই জেলায় জেলায় শুরু হয়ে গেছে শাসক বিরোধী দুই রাজনৈতিক দলের তরজা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments