সংবাদদাতা ,বাঁকুড়া:- প্রাথমিক স্তরের পড়ুয়াদের শিক্ষার সুযোগ আরও প্রসারিত করতে বাঁকুড়া জেলায় নতুন করে আরও ৫১টি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি অন্তর্ভুক্ত হতে চলেছে। এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া জেলার শিক্ষা মহলে। বিশেষ করে ইন্দাস ব্লকের আকুই-১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার আদিলপুর প্রাথমিক বিদ্যালয়ে এই খবর ঘিরে শিক্ষক, অভিভাবক এবং পড়ুয়াদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ ও আনন্দ।
এতদিন পঞ্চম শ্রেণিতে পড়াশোনার জন্য প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে অন্য স্কুলে ভর্তি হতে হতো পড়ুয়াদের। অনেক ক্ষেত্রে নতুন স্কুলে যাতায়াত, দূরত্ব এবং অন্যান্য সমস্যার সম্মুখীন হতে হতো অভিভাবকদের। এবার প্রাথমিক বিদ্যালয়েই পঞ্চম শ্রেণিতে পড়ার সুযোগ তৈরি হওয়ায় সেই সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
আদিলপুর প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি অন্তর্ভুক্ত হওয়ার খবরে খুশি শিক্ষক থেকে শুরু করে অভিভাবক সকলেই। তাঁদের মতে, একই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনার সুযোগ তৈরি হলে ছোট ছোট পড়ুয়াদের শিক্ষাজীবনে ধারাবাহিকতা বজায় থাকবে। পাশাপাশি নতুন পরিবেশে স্কুল পরিবর্তনের চাপও অনেকটা কমবে।
শিক্ষার পরিকাঠামো আরও শক্তিশালী করার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। বাঁকুড়া জেলার ৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে পঞ্চম শ্রেণি চালুর এই উদ্যোগ বাস্তবায়িত হলে উপকৃত হবে বহু পড়ুয়া। সব মিলিয়ে এই সিদ্ধান্তকে ঘিরে আদিলপুর প্রাথমিক বিদ্যালয়-সহ সংশ্লিষ্ট এলাকায় তৈরি হয়েছে খুশির আবহ।