নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সোশ্যাল মিডিয়ায় উত্তরপ্রদেশ প্রশাসনের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত ছবি ও আপত্তিকর বক্তব্য ছড়ানোর পাশাপাশি একাধিক গুরুতর অভিযোগে দুর্গাপুর থেকে এক যুবককে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ। ধৃতের নাম মনোজ সিং, তিনি দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার বাসিন্দা। রবিবার সিটি সেন্টার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের সূর্যপুর থানায় মনোজ সিংয়ের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছিল। তাঁর বিরুদ্ধে মহিলার আপত্তিকর ছবি তোলা, সরকারি কর্মচারীদের কাজে বাধা সৃষ্টি, হুমকি দেওয়া এবং ভয় দেখিয়ে টাকা আদায়ের (তোলাবাজি) মতো গুরুতর অভিযোগ রয়েছে। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় উত্তরপ্রদেশ প্রশাসনকে ঘিরে বিভ্রান্তিকর ও বিতর্কিত পোস্ট করার অভিযোগও সামনে আসে।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তের সন্ধানে দুর্গাপুরে হানা দেয় উত্তরপ্রদেশ পুলিশের একটি দল এবং রবিবার সিটি সেন্টার থেকে তাঁকে পাকড়াও করে। গ্রেফতারের পর ধৃত মনোজ সিংকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় এবং পরবর্তী তদন্তের স্বার্থে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়ার জন্য পুলিশের তরফে দু’দিনের ট্রানজিট রিমান্ডের আবেদন জানানো হয়েছে।