সংবাদদাতা,বাঁকুড়াঃ- চুরি যাওয়া ই-রিক্সা উদ্ধারে বড়সড় সাফল্য পেল বাঁকুড়া সদর থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ এবং গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ চুরি যাওয়া ই-রিক্সাটি উদ্ধার করার পাশাপাশি এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু'জনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৭ নভেম্বর বাঁকুড়া থানা এলাকার কবরডাঙ্গা থেকে একটি সবুজ রঙের ই-রিক্সা চুরি যাওয়ার লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ প্রথমে কবরডাঙ্গা এলাকা থেকে শেখ আশরাফ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে।
ধৃত শেখ আশরাফকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই এই চুরির ঘটনায় ওন্দা থানার পুনিশোল এলাকার রহিম শেখ নামে আরও একজনের জড়িত থাকার তথ্য উঠে আসে। এরপরই পুলিশ পুনিশোল এলাকায় অভিযান চালিয়ে রহিম শেখকে গ্রেফতার করে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকেই চুরি যাওয়া ই-রিক্সাটি উদ্ধার করে বাজেয়াপ্ত করে।
পুলিশের এই দ্রুত তৎপরতায় স্বস্তি ফিরেছে অভিযোগকারীর পরিবারে। আইনি প্রক্রিয়া শেষে গাড়িটি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।