সংবাদদাতা,আসানসোলঃ- বৈদ্যুতিক শর্ট সার্কিটের জেরে নিয়ামতপুরের অ্যান্টনি স্কুল মোড়ে একটি বড় গাছে আগুন লাগাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। শুক্রবার সকাল ১১টা নাগাদ ব্যস্ত রাস্তার ধারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গাছটির ঠিক নিচেই একটি দোকান থাকায় আগুন ছড়িয়ে পড়ে বড়সড় বিপদের আশঙ্কা তৈরি হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাছে আগুন জ্বলতে দেখে তড়িঘড়ি নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ, বিদ্যুৎ দফতর এবং আসানসোল দমকল বিভাগে খবর দেওয়া হয়। খবর পেয়েই বিদ্যুৎ দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তার স্বার্থে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর আসানসোল থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ, বিদ্যুৎ দফতর ও দমকল কর্মীদের যৌথ তৎপরতায় অল্পের জন্য আগুনের হাত থেকে রক্ষা পায় নিচে থাকা দোকানটি। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।