eaibanglai
Homeএই বাংলায়যোগীর সভা থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের বাসে আক্রমণ

যোগীর সভা থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের বাসে আক্রমণ

সংবাদদাতা,বাঁকুড়াঃ- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচারে ভিন রাজ্য থেকে ছুটে আসছেন খোদ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন ক্যাবিনেট মন্ত্রী ও বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। রবিবার বাঁকুড়ার পাত্রসায়রে বিজেপি প্রার্থীদের সমর্থনে একটি জনসভায় যোগ দিয়েছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিকে তার সভা থেকে ফেরার পথে সোনামুখীতে বিজেপি কর্মী সর্থকদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, বিনা প্ররোচনায় যাত্রিবাহী বাসে হামলা চালানো হয়। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল।

রবিবার বাঁকুড়ার পাত্রসায়েরের গরু হাট তলায় সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি এবং ইন্দাস বিধানসভার প্রার্থী নির্মল ধাড়ার সমর্থনে সভা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সভায় যোগ দিতে বাস এবং ছোট গাড়ি চড়ে সোনামুখী এবং ইন্দাস বিধানসভার প্রচুর বিজেপি কর্মী পাত্রসায়েরে যান। সভা শেষে বিজেপি কর্মীদের নিয়ে বেশ কয়েকটি বাস সোনামুখীর দিকে ফিরছিল। অভিযোগ সেই সময় সোনামুখী থানার ধানসিমলা এলাকার কাছাকাছি একটি বাসটিকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। ইটের ঘায়ে জখম হন একাধিক বিজেপি কর্মী। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারির দাবিতে বাস থেকে নেমে রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। তাদের আশ্বাসে শেষমেশ অবরোধ ওঠে। অন্যদিকে ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছন বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি। তিনি পরিস্থিতি সামাল দিয়ে কর্মীদের নিরাপদে নির্বাচনী কার্যালয়ে নিয়ে যান।

অন্যদিকে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ‘‘ভোটের লড়াইয়ে এঁটে উঠতে পারবে না বুঝতে পেরে এই সব কাণ্ড করছে তৃণমূল। আমাদের একজন কর্মী গুরুতর আহত হয়েছেন। হামলাকারী তৃণমূল কর্মীরা বুঝতে পারছেন না যাদের কথায় তাঁরা এভাবে আক্রমণ করছেন, আগামী ৪ এপ্রিলের পর তাঁদের আর পাশে পাবেন না।’’ যদিও হামলার ঘটনা ‘অনভিপ্রেত’ বলে দাবি করেও তাদের বিরুদ্ধে আনা অভিযোগ উড়িয়ে দিয়ে সোনামুখীর তৃণমূল প্রার্থী কল্লোল সাহা বলেন, ‘‘কিছু হলেই তৃণমূলের ঘাড়ে দোষ ঠেলে দেওয়া বিজেপির অভ্যাসে পরিণত হয়েছে। এখন তৃণমূল কর্মীরা প্রচারের কাজে ব্যস্ত রয়েছেন। তাঁদের হাতে এত সময় নেই যে বিজেপির বাসে ইট ছুড়বে। এই ঘটনায় অন্য কোনও দলের কর্মীরা যুক্ত থাকতে পারেন।’’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments