সংবাদদাতা,বাঁকুড়াঃ- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে জোর কদমে প্রচার সহ নানা কর্মসূচির মাধ্যমে জনসংযোগ শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি অনকে সময়ই প্রার্থীরা নানা সামাজিক ও ধর্মীয় কর্মসূচিকেও জনসংযোগের মাধ্যম হিসেবে বেছে নেন। বৃহস্পতিবার রাম নবমীর মিছিলে অংশ নিয়েছিলেন ওন্দার ‘বিদায়ী’ বিধায়ক ও এবারও ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী অমরনাথ শাখা। মিছিলে একেবারে সামনের সারিতে লাঠি হাতে তাকে হাঁটতে দেখা যায়।
মিছিল চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী অমরনাথ শাখা বলেন, “আজ হিন্দু জাগরণের দিন। সকল হিন্দু একত্রিত হয়েছে।” তবে লাঠি হাতে মিছিলে হাঁটা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “লাঠি হিন্দুদের আত্মরক্ষার অস্ত্র।” পাশাপাশি রাজ্যের বর্তমান পরিস্থিতিতে লাঠি হাতে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তাও দেন তিনি।
রামনবমীর এই মিছিল ওন্দা স্টেশন থেকে শুরু হয়। স্থানীয় বাজার থেকে ওই মিছিলে অংশ নেয় বিদায়ী বিধায়ক সহ প্রায় শতাধিক বিজেপি কর্মী।


















