সংবাদদাতা,বাঁকুড়াঃ- সেলাইন হাতে, হাসপাতালের বেডে বসেই ভৌত বিজ্ঞান পরীক্ষা সোনামুখীর মাধ্যমিক পরীক্ষার্থীর। এমনই ছবি উঠে এসেছে বাঁকুড়া জেলার গ্রামীন সোনামুখী হাসপাতাল থেকে।
জানা গেছে বাঁকুড়া জেলার সোনামুখী বি. জে. হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা দিচ্ছে দীপ বাগদি। এদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে পরিবারের তরফে ভর্তি করা হয় সোনামুখী গ্রামীন হাসপাতালে। অসুস্থতার কারণে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো সম্ভব ছিলনা পরীক্ষার্থীর। বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন সোনামুখী বি. জে. হাইস্কুলের প্রধান শিক্ষক এবং প্রশাসনের সহযোগিতায় হাসপাতালেই ওই পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্নপত্র ও উত্তর পত্র নিয়ে হাসপাতালে পৌঁছে যান ওই পরীক্ষাকেন্দ্রের শিক্ষকরা। পাশাপাশি প্রশসানের তরফে ব্যবস্থা করা পুলিশি প্রহরার। অবশেষে হাতে সেলাইন নিয়ে হাসপাতালে বসেই পরীক্ষা দিতে সক্ষম হয় দীপ।
শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের দ্রুত সিদ্ধান্ত ও এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন অভিভাবক থেকে শুরু করে সাধারণ মানুষ।


















