সংবাদদাতা,বাঁকুড়াঃ- বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। প্রার্থীদের প্রচারে যোগ দিচ্ছেন হেভিওয়েট নেতা নেত্রী থেকে তারকারা। এবার বাঁকুড়ার গঙ্গাজলঘাটি বিধানসভা প্রার্থী বিল্লেশ্বর সিংহের সমর্থনে রোড শো করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।
শনিবার গঙ্গাজলঘাটি স্কুল ফুটবল ময়দান থেকে রোড শোটি শুরু হয়। সেখান থেকে বিশাল মিছিল সমগ্র এলাকা পরিক্রমা করে ভৈরবপুরে গিয়ে শেষ হয়। মহাগুরু মিঠুন চক্রবর্তীকে এক নজর দেখতে রাস্তার দু’ধারে ভিড় জমায় অসংখ্য মানুষ। বিজেপির নেতা-কর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। রোড শো চলাকালীন উচ্ছ্বাসে মেতে ওঠে গোটা এলাকা। দলীয় পতাকা, স্লোগান ও মিছিলের জোয়ারে কার্যত উৎসবের আবহ তৈরি হয় গঙ্গাজলঘাটিতে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারকা প্রচার ভোটারদের মধ্যে প্রভাব বিস্তার করে। তবে মহাগুরু মিঠুনের রোড শো গঙ্গাজলঘাটির ভোটারদের মন জয় করতে পারে কিনা তা জানা যাবে আগামী ৪ মে।


















