সংবাদদাতা, বাঁকুড়া:- একলা জীবন, একলা এক কামরার ঘর। সেই ঘরে আসবাব বলতে বিশেষ কিছু নেই। তবে দেওয়াল জুড়ে রয়েছে প্রয়াত তৃণমূল নেতা মুকুল রায়ের ছবি। তাঁর প্রয়াণের পর ওই ছবি বুকে জড়িয়ে তাঁর স্মৃতিতে দিন কাটাচ্ছেন বাঁকুড়ার সমীর দত্ত।
সমীরের সঙ্গে মুকুল রায়ের অন্তরঙ্গ সম্পর্কের কথা এলাকাবাসী সকলেই জানেন। দলীয় কাজে মুকুল রায় বাঁকুড়ায় এলেই, সমীর তাঁর সঙ্গে দেখা করতেনই। এমনকি সমীরের বিপদে আপদেও এগিয়ে এসেছিলেন মুকুল রায়। দেখা হলেই আর্শীবাদ স্বরূপ হাতে গুঁজে দিতেন কখনও ৫০০ টাকা আবার কখনও ২০০ টাকার নোট। এমনকি মাঝেমধ্যে মঞ্চে উঠে পড়তেন সমীর।
সমীর দত্ত বর্তমানে বিজেপি কর্মী। তবে একসময় তৃণমূল দল করতেন। ওই দল করতে গিয়েই ২০০১ সালে মুকুল রায়ের সঙ্গে পরিচয় ও আন্তরিকতা। সমীর জানান ইদায়নিং বেশ কয়েক বছর দেখা হয়নি মুকুল রায়ের সঙ্গে। তিনি অসুস্থ থাকায় ছেলে শুভ্রংশুর কাছে নিয়মিত ফোনে খোঁজ খবর নিতেন। সম্প্রতি ভেবেছিলেন একবার দেখা করে আসবেন কিন্তু খোঁজ নিয়ে জানতে পারেন তিনি হাসপাতালে ভর্তি। ভেবেছিলেন হাসপাতাল থেকে ছাড়া পেলে একবার বাড়িতে গিয়ে দেখা করে আসবেন। কিন্তু সে সুযোগ আর হলো না।
মকুল রায়ের প্রয়াণে তাই তাঁর ফটো বুকে জড়িয়ে ধরে দিন কাটাচ্ছেন সমীর। সমীরের স্মৃতিচারণা উঠে আসে মুকুল রায়ের কথা। তাকে বলতে শোনা যায় “ওনার মত মানুষ আর হয় না, নেতা হিসেবেও বড় ছিলেন, একেবারে চাণক্য। মানুষ হিসেবেও আরও বড়।”
বর্তমান সময়ে দাঁড়িয়ে এক রাজনৈতিক নেতার প্রতি এমন অমলিন শ্রদ্ধা ও ভালোবাসা বলতে গেলে প্রায় নজিরবিহীন।

















