সংবাদদাতা,বাঁকুড়াঃ- ভোটের মুখে বাঁকুড়ার কোতুলপুরে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ। এক ৮ বছরের শিশুকে তার বাবাকে তুলে নিয়ে গিয়ে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপির। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।
অভিযোগ, কোতুলপুর বিধানসভার বিজেপির কোতুলপুর ২ নম্বর মণ্ডল সভাপতি শুভঙ্কর পন্ডিতের ছেলে বাড়ির বাইরে খেলছিল। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ফিরোজ মোল্লা শিশুটিকে উদ্দেশ্য করে বলে “তোর বাবাকে তুলে নিয়ে গিয়ে খুন করে দেবো।” এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়ে পরিবারের সদস্যরা।
অন্যদিকে ঘটনাকে ঘিরে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে স্থানীয়রা প্রতিবাদ করতেই ফিরোজ মোল্লা উল্টে তাদেরও হুমকি দিচ্ছ। (যদিও ভিডিওর সত্যতা যাছাই করেনি এই বাংলায় ওয়েব পোর্টাল)।
এই ঘটনায় বিজেপি প্রার্থী লক্ষীকান্ত মজুমদার সরাসরি তৃণমূলের দিকে আঙুল তুলেছেন। তার দাবি, ভোটের আগে পরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের ভয় দেখিয়ে দমানোর চেষ্টা চলছে। প্রকাশ্যে দাপট দেখিয়ে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে ।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ফিরোজ মোল্লা। তিনি দাবি করেন, সামান্য একটা নাম জিজ্ঞেস করা নিয়ে নোংরা রাজনীতি করছে বিজেপি। তিনি দুষ্কৃতী কিনা এলাকার মানুষ জানে। কোতুলপুরে বিজেপি পরাজয় নিশ্চিত বুঝেই এলাকায় অশান্তি ছড়াতে চাইছে এবং হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি করছে।
অন্যদিকে, তৃণমূল প্রার্থী হরাকালী প্রতিহার এই পুরো ঘটনাকে এড়িয়ে গিয়ে জানান, তিনি বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না।
এদিকে ভোটের আগে কোতুলপুরে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়দের একাংশ।


















