সংবাদদাতা, বাঁকুড়া :- রেল গেট বন্ধের নির্দেশ রেল কর্তৃপক্ষের। প্রতিবাদে সরব প্রায় ১৫ টি গ্রামের বাসিন্দারা। ঘটনা বাঁকুড়ার জেলার বাঁকুড়ার বেলিয়াতোড় সংলগ্ন ধনীপাড়া BR-18 রেলগেট ঘিরে।
রেলের এই সিদ্ধান্তের প্রতিবাদে ধনীপাড়া রেলগেটের সামনে বিক্ষোভে সামিল হন স্কুল পড়ুয়া, যুবক-যুবতী থেকে শুরু করে প্রবীণ বাসিন্দারাও। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ ও জিআরপি বাহিনী। প্রশাসনের সঙ্গে গ্রামবাসীদের আলোচনা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রায় ১৫টি গ্রামের মানুষ এই রেলগেট ব্যবহার করে স্কুল, কলেজ, অফিস-কাছারি সহ নিত্যদিনের যাতায়াত করে আসছেন। এখন হঠাৎ এই রেলগেট বন্ধ হয়ে গেলে তাদের কয়েক কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হবে, যার একটি বড় অংশ জঙ্গলের মধ্য দিয়ে। আবার ওই জঙ্গলের রাস্তায় হাতি ও অন্য বন্য প্রানীর উপদ্রব রয়েছে বলে তাদের দাবি। এমনকি ওই পথে নিরাপত্তারও অভাব রয়েছে। এই পরিস্থিতিতে রেলগেট বন্ধ হয়ে গেলে স্কুল পড়ুয়া থেকে, অফিস কলেজ যাত্রী ও সাধারণ মানুষকে নিত্যদিনের যাতায়াতে রীতিমতো সমস্যার সম্ম্ুখীন হতে হবে।
তবে বিক্ষোভকারীদের দাবি, রেলগেট বন্ধ করতে হলে বিকল্প হিসেবে অবিলম্বে একটি আন্ডারপাস নির্মাণ করতে হবে, যাতে সাধারণ মানুষের যাতায়াতে কোনও সমস্যা না হয়। বাসিন্দারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁদের দাবি পূরণ না হলে ভবিষ্যতেও আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।

















