সংবাদদাতা,বাঁকুড়াঃ- বিশেষভাবে সক্ষম মাধ্যমিক পরীক্ষার্থীর পাশে দাঁড়াল বাঁকুড়ার রানিবাঁধ থানার পুলিশ। ওই পরীক্ষার্থীকে প্রতিদিন পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া ও বাড়িতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফে।
রানীবাঁধ হাসপাতাল রোডের বাসিন্দা পায়েল মোদক এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী। মাত্র ছ’বছর বয়সে শারীরিক অসুস্থার কারণে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ে পায়েল। তার শরীরের নিচের অংশ অসাড় হয়ে যায়। যদিও শারীরিক অক্ষমতা দমিয়ে রাখতে পারেনি পায়েলকে। বাড়ির কাছেই রানিবাঁধ গার্লস হাইস্কুলে পড়াশুনা করতে থাকে সে। বাড়ির কাছেই স্কুল হওয়ায় বাবা-মাই তাকেই স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য সাহায্য় করেন। কিন্তু এবারের মাধ্যমিক পরীক্ষায় রানিবাঁধ গার্লস হাইস্কুলে ছাত্রীদের পরীক্ষা কেন্দ্র পড়েছে পূর্ণাপানি হাই স্কুলে, যেটি পায়েলের বাড়ি থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে। পেশায় ছোট ফল ব্যবসায়ী প্রশান্ত মোদকের পক্ষে গাড়ি ভাড়া করে প্রতিদিন তার মেয়েকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই তিনি দ্বারস্থ হন স্থানীয় পুলিশ প্রশাসনের।
বিষয়টি জানতে পেরেই সাহায্য়ের হাত বাড়িয়ে দেয় রানিবাঁধ থানার পুলিশ এবং গাড়িতে করে পায়েলকে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের ব্যবস্থা করে দেয়। স্বভাবতই পুলিশের এই সাহায্য়ে আপ্লুত মোদক দম্পতি ও পায়েল। পাশাপাশি পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।


















