সংবাদদাতা,বাঁকুড়াঃ- নরেন্দ্র মোদির ব্রিগেড সভায় হাজির হয়ে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা করার সংকল্প করেও ভোটের মুখে “বাংলায় মমতাকেই চাই” স্লোগান তুলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বাঁকুড়ার ওন্দা বিধানসভার বিজেপি বুথ কর্মীদের। আর এই যোগদান ঘিরে জোর তর্জা তৃণমূল ও বিজেপি প্রার্থীর।
বৃহঃস্পতিবার রাতে ওন্দা বিধানসভার তৃণমূল প্রার্থীর হাত ধরে ১৩ জন বিজেপির বুথ কর্মী ও তাদের পরিবার যোগদান করল তৃণমূলে। এদিন ওন্দা বিধানসভার আসানাসোল ১২৫ নং বুথের বুথ সভাপতি সহ ১১ জন বিজেপি বুথ কর্মী ও তাদের পরিবার তৃণমূলে যোগদান করে। যোগদানকারীদের দাবি,বিজেপি বিধায়ক ও বর্তমান প্রার্থী কোন কাজ করেনি। পাশাপাশি কর্মীদের যোগ্য সম্মান দেয়নি। তাই তারা রাজ্য়ের উন্নয়নে সামিল হতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। এমনকি বুথে যে বিজেপি প্রার্থীকে লিড দিয়ে জিতিয়েছিলেন এবার তাকেই হারাবেন বলে দাবি করেন তারা।
ওন্দা বিধানসভার তৃণমূল প্রার্থী সুব্রত দত্ত এই যোগদান ঘিরে দাবি করেন, ওন্দায় বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক অমর নাথ শাখার ঘর ভাঙা শুরু হল। পাল্ট কটাক্ষ করেন বিজেপি প্রার্থী অমর নাথ শাখাও। তিনি এই যোগদানকে নাটক বলে দাবি করে বলেন, “সময় সব জবাব দেবে”।
এদিকে ভোটের আগে দলবদল, প্রচার, জনসংযোগ আর তার সঙ্গে তরজা, সব মিলিয়ে ভোটের উত্তার চড়ছে ওন্দা বিধানসভা জুড়ে।

















