সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ– বন্ধ রেলগেট পার হতে গিয়ে বিপত্তি, ট্রেনের তলায় ঢুকে গেল বাইক। তিন যুবক বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন। ঘটনা আসানসোলের বারাবনি এলাকার।
প্রত্যক্ষদর্শীরা জানান বারাবনি বাজার সংলগ্ন রেলগেটটি বন্ধ ছিল ট্রেন যাওয়ার জন্য। ঠিক তখনই একটি বাইকে তিন যুবক বন্ধ রেলগেট পার হওয়ার চেষ্টা করে। সেই সময় ট্রেন এসে পরে। এর ফলে বাইকটি ট্রেনের তলায় ঢুকে যায়। যদিও সৌভাগ্যবশত তিন যুবক কোনওভাবে প্রাণ বাঁচিয়ে ট্রেনের তলা থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়। তবে বাইকটি সম্পূর্ণভাবে ট্রেনের নিচে আটকে যায় ও তুবড়ে যায়।
অন্যদিকে বাইক ট্রেনের নিচে আটকে যাওয়ায় ট্রেন দাড়িয়ে পড়ে। এর জেরে প্রায় এক ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আরপিএফ ও রেল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয় ও ট্রেনের তলায় আটকে থাকা বাইকটি উদ্ধার করে। রেললাইন পরিষ্কার হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় ।
এই ঘটনায় ফের একবার রেলগেটে নিয়ম অমান্যের ভয়াবহ পরিণতি সামনে এল। প্রসঙ্গত রেল কর্তৃপক্ষের বারবার সতর্কতা সত্ত্বেও সাধারণ মানুষের অসচেতনতা কমছে না। বন্ধ রেলগেট দিয়ে অবৈধভাবে রেল লাইন পার হওয়ার প্রবণতার জেরে প্রায়ই দুর্ঘটনা ঘটে চলেছে।


















