eaibanglai
Homeএই বাংলায়শান্তিপূর্ণ পরিবেশে ভোটদানের বার্তা- বাউল শিল্পীর অভিনব উদ্যোগ

শান্তিপূর্ণ পরিবেশে ভোটদানের বার্তা- বাউল শিল্পীর অভিনব উদ্যোগ

সৌভিক সিকদার,গুসকরাঃ- এইরাজ্যের নির্বাচন মানেই রক্তপাত, বুথ দখল, ছাপ্পা ভোট। সেই চেনা ছবি বদলে দিতে মাঠে নেমেছেন বিশিষ্ট বাউল শিল্পী ড. স্বপন দত্ত বাউল। রাজনৈতিক দলের ঝাণ্ডার পরিবর্তে হাতে একতারা ও গলায় বাউল সংগীতের সুর নিয়ে শান্তিপূর্ণ ও ভয়মুক্ত পরিবেশে ভোটদানের বার্তা দিতে তিনি জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন। সুরের মূর্ছনায় তিনি সাধারণ মানুষকে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। লক্ষ্য সাধারণ ভোটারদের মনে সাহস জোগানো এবং শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোট নিশ্চিত করা।

শিল্পীর বাউল গানের কথায় রয়েছে নাগরিক কর্তব্যের কথা, ভয়কে জয় করার রসদ। যখন তিনি উদাত্ত কণ্ঠে গাইছেন, “ওগো ভারতবাসীগণ ওগো বাংলার মানুষগণ… নিজের ভোট নিজেই দাও…” সাধারণ মানুষ মাটির গান শুনতে ভিড় করছেন এবং সেই সুযোগে তিনি বুঝিয়ে দিচ্ছেন কেন প্রতিটি ভোট মূল্যবান। আসলে শিল্পী জানেন মানুষের মনের কাছাকাছি পৌঁছানোর শ্রেষ্ঠ মাধ্যম হলো সঙ্গীত। বাউল গানের স্নিগ্ধতা ভোটের সময় সাধারণ মানুষের মনের অজানা আতঙ্ক দূর করতে সাহায্য করে। কোনো নির্দিষ্ট দলের পরিবর্তে দেশের একজন সচেতন নাগরিক হিসেবে প্রচার চালানোর জন্য সর্বত্র ইতিবাচক সাড়াও পাওয়া যাচ্ছে। সব প্রজন্মের ভোটাররা শিল্পীর কথা মন দিয়ে শুনছেন, শিল্পীর নিঃস্বার্থ উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন।

সাধারণ মানুষকে আহ্বান জানিয়ে শিল্পী বলেন, “গণতন্ত্রের এই উৎসবে সবাই নির্ভয়ে সামিল হোক।” এখন দেখার ​বাউল সুরের এই শান্তি-বার্তা বাংলার নির্বাচনে সত্যিই কোনো শান্তির পরিবেশ সৃষ্টি করতে পারে কিনা?

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments