এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ- পরিবর্তনের হাওয়া এবার আইনজীবীদের মধ্যে। রাজ্য বার কাউন্সিলেও বিজেপি-সমর্থিত আইনজীবীদের জয়জয়কার। সোমবার ওই নির্বাচনে বিজেপি-সমর্থিত তিন জন প্রার্থী জয়ী হন। তাঁদের মধ্যে সমীর পাল ও অজয় চৌবে প্রেসিডেন্সি বার থেকে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি, কংগ্রেস-ঘনিষ্ঠ আইনজীবী অরুণ সরকারও বিজেপির সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন।
গতকাল সন্ধ্যায় বিজয়ী প্রার্থীদের নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন,বিভিন্ন মতাদর্শের আইনজীবীরা রাজ্য সরকারের সঙ্গে একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। বার কাউন্সিল আইনজীবীদের একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক মঞ্চ এবং এই প্রতিষ্ঠানে সহযোগিতার পরিবেশ তৈরি হওয়া রাজ্যের বিচারব্যবস্থা ও প্রশাসনের পক্ষে ইতিবাচক।
এদিন বিরোধীদেরও তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বিরোধী শিবিরের একাংশ "দেশবিরোধী শক্তি"র সঙ্গে যোগাযোগ রেখে নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। একইসঙ্গে তিনি জানান, ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) নিয়ে গঠিত কমিশনের রিপোর্ট আগামী দু' থেকে তিন মাসের মধ্যে পাওয়া যেতে পারে। রিপোর্ট হাতে পেলেই বিধানসভায় বিল এনে আইন কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তিনি। এছাড়া ধর্মান্তর রোধে পৃথক আইন আনার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।