সংবাদদাতা,বাঁকুড়াঃ- ২০২৬ সালের শারদোৎসবকে সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে কোমর বেঁধে নামল প্রশাসন। দুর্গাপুজো উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে এবং উৎসবের দিনগুলিতে মণ্ডপের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাঁকুড়ার ইন্দাস থানা এলাকায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে এলাকার মোট ৮৬টি নিবন্ধিত দুর্গাপুজো কমিটির প্রতিনিধিদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। একই সঙ্গে পুজো মণ্ডপগুলিতে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতি মোকাবিলায় উদ্যোক্তাদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
ইন্দাস থানা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক নির্মল কুমার ধাড়া, ইন্দাস থানার ওসি চয়ন কুমার ঘোষ, সোনামুখী ফায়ার সার্ভিসের ওসি গণেশ চন্দ্র মণ্ডল এবং ইন্দাস ব্লকের বিএমওএইচ (BMOH)। এছাড়াও উপস্থিত ছিলেন ইন্দাস মণ্ডল-২-এর সভাপতি বিপ্রদাস অধিকারী, বিশিষ্ট ব্যক্তিত্ব পূর্ণেন্দু মুখার্জি, গঙ্গামণি রায়, মিলন মাঝি-সহ একাধিক প্রশাসনিক আধিকারিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা। উপস্থিত অতিথিরা পুজো কমিটিগুলির হাতে আর্থিক সহায়তার সরকারি চেক তুলে দিয়ে পুজো যাতে শান্তিপূর্ণ ও আনন্দময় হয়, সেই শুভেচ্ছা জানান।
এছাড়াও এই অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ছিল ফায়ার সেফটি ট্রেনিং। সোনামুখী ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পুজো কমিটির সদস্যদের মণ্ডপ ব্যবস্থাপনার ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।
একদিকে পুজো কমিটিগুলির হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া এবং অন্যদিকে অগ্নিনির্বাপণ ও নিরাপত্তা সংক্রান্ত নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি—প্রশাসনের এই জোড়া উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ইন্দাসের পুজো উদ্যোক্তারা।