নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষায় আরও একবার বসার সুযোগ চেয়ে দুর্গাপুর সরকারি মহিলা কলেজের ছাত্রীদের পাশে দাঁড়ালেন যুবনেতা শুভম প্রকাশ সিং। ছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে তাঁদের দাবি নিয়ে সরাসরি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দ্বারস্থ হলেন তিনি।
জানা গিয়েছে, কলেজের তৃতীয় বর্ষের ‘ব্যাকলগ’ পাওয়া ছাত্রীরা জানতেই পারেননি যে তাঁদের পরবর্তী সেমিস্টারের পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নেই। ছাত্রীদের অভিযোগ, কলেজের পক্ষ থেকে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ বা সঠিক যোগাযোগ মাধ্যম না থাকায় পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিগুলি তাঁদের কাছে পৌঁছায়নি। ফলে নিজেদের শিক্ষাজীবন নিয়ে চরম আশঙ্কায় পড়েন তাঁরা।
বিষয়টি জানতে পেরেই দ্রুত কলেজে পৌঁছান শুভম প্রকাশ সিং। তিনি ছাত্রীদের সমস্ত অভাব-অভিযোগ মন দিয়ে শোনেন এবং সমস্যার সমাধানে তৎপর হন। এরপর ছাত্রীদের স্বাক্ষরিত একটি স্মারকলিপি নিয়ে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে জমা দেন তিনি। ওই ছাত্রীদের যাতে পরীক্ষায় বসার বিশেষ সুযোগ দেওয়া হয়, উপাচার্যের কাছে সেই মানবিক আবেদন জানিয়েছেন শুভম।
শুভম এদিন জানান, উপাচার্য পুরো বিষয়টি অত্যন্ত মন দিয়ে শুনেছেন এবং দ্রুত পরীক্ষা নিয়ামককে (কন্ট্রোলার) বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন।