eaibanglai
Homeএই বাংলায়"বাংলার মানুষের আত্মসম্মান কেড়ে ভিখারির জায়গায় নিয়ে গেছে" মুখ্যমন্ত্রীকে নিশানা বিজেপি নেত্রীর

“বাংলার মানুষের আত্মসম্মান কেড়ে ভিখারির জায়গায় নিয়ে গেছে” মুখ্যমন্ত্রীকে নিশানা বিজেপি নেত্রীর

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- “বাংলার মানুষের আত্মসম্মান কেড়ে ভিখারির জায়গায় নিয়ে গেছে।” বুদবুদের এক সভা থেকে এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি নেত্রী তথা একসময়ের ডাকাবুকো পুলিশ আধিকারিক ভারতী ঘোষ।

প্রসঙ্গত, রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও ভোটের জন্য ইতিমধ্যেই রাজ্যে পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী। জেলায় জেলায় শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। এই প্রেক্ষাপটে রাজ্যে ক্ষমতার পরিবর্তনের আহ্বান জানিয়ে রাজ্য জুড়ে ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচি শুরু করেছে বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বুদবুদে বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচি ছিল। সেই উপলক্ষ্যে বুদবুদ বাজারে আয়োজিত পরিবর্তন যাত্রার জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেত্রী ভারতী ঘোষ মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন।

এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন ,” এই সোনার বাংলা যুগে যুগে ভারতের মানুষকে রাস্তা দেখিয়েছে। একসময় সোনার বাংলা, সোনায় জ্বলজ্বল করত। এখন অন্ধকার করে দিয়েছে। ২৬ হাজার ছেলে মেয়ে রাজপথে বসে কাঁদছে। পশ্চিমবঙ্গকে শিল্পনিষিদ্ধ রাজ্যে পরিনত করে দিয়েছে। ৪৪৮ টা ক্লাসিফাইয়েড শিল্প বন্ধ। ৭ হাজার আন ক্কাসিফাইয়েড শিল্প বন্ধ। শিল্প না হলে উন্নয়ন কি করে হবে। ভাঙা সাইকেল, ২ কেজি চাল, দেড় হাজার টাকা দিয়ে উন্নয়ন আসে না। বাংলার মানুষের আত্মসম্মান কেড়ে ভিখারির জায়গায় নিয়ে গেছে।” এরপর মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য়ে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি বলেন, ” আপনার বাড়িতে দুটো ভাঙা সাইকেল, ২ কেজি চাল, বাড়ির বৌমাকে দেড় হাজার টাকা দিলে খুশী হবেন তো? যদি আপনি খুশী না হন, তাহলে বাংলার মা-বোনেদের খুশী কি করে আশা করছেন? বাংলার মা বোনেরা ভিখারি না কি? মাসের শুরু থেকে শেষ পর্যন্ত দেড় হাজার টাকার জন্য চাতক পাখির মত চেয়ে থাকবে। দেড় হাজার টাকায় কি সংসার চলে?” তিনি আরও বলেন,” মুখ্যমন্ত্রী বলছেন আমি থাকতে ভয় নেই। তাহলে কামদুনি কেন হল? আরজি কর, হাঁসখালি কেন হল? কোটি টাকা খরচ করে শিল্প সম্মেলন করছেন। আর বাংলার ২ কোটি ৬৪ লক্ষ ছেলে মেয়ে পরিযায়ী শ্রমিক, বাংলার বাইরে কাজ করতে গেছে। সবার পকেট গড়ের মাঠ, লুট করেছে কালিঘাট।” এর পাশাপাশি মুখ্য়মন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, ” পুলিশের দালালি চলছে রাজ্যে। কথা বললেই কেস দিচ্ছে। পুলিশ দিয়ে আপনার দালালি চলবি না। মানুষ জেগে উঠেছে। মানুষ আপনাকে ক্ষমা করবে না।”

ভারতী ঘোষ ছাড়াও এদিনের পরিবর্তন জনসভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য্য সহ স্থানীয় নেতৃত্ব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments