সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোস্ট সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের পার্কিং এলাকায় একটি কয়লা বোঝাই ট্রাকে আচমকা আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। বুধবার রাতের এই ঘটনার জেরে গোটা পার্কিং এলাকায় সাময়িক আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
ট্রাক চালক এম.ডি সিরাজ জানান, তিনি ঝাড়খণ্ডের নিরসা থেকে বৈধ কয়লা বোঝাই করে রানাঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ডুবুরডিহি চেকপোস্টের কাছে গাড়িটি দাঁড় করিয়ে রাখার সময় আচমকাই তাতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে ধোঁয়া ছড়িয়ে পড়ায় স্থানীয় চালক ও ব্যবসায়ীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে এবং ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। দাঁড়িয়ে থাকা গাড়িতে যান্ত্রিক গোলযোগ নাকি অন্য কোনো কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দমকল ও কুলটি থানার পুলিশ।