সঙ্গীতা চৌধুরীঃ- পিতৃপক্ষের সঙ্গে জড়িয়ে রয়েছে মহাভারত। জড়িয়ে রয়েছে দানবীর কর্নের নাম। সকলেই জানেন পিতৃপক্ষের এই সময় পূর্ব পুরুষদের স্মরণ করার সময় এই সময় পূর্ব পুরুষদের জল এবং তিল অর্পণ করা হয়। এই সময় তর্পণ করা উচিত। কিন্তু অনেকেই জানেন না এর পিছনে রয়েছে মহাভারতের কর্নের কাহিনী।
মহাভারতের কর্ণ ছিলেন একজন দাতা। তিনি রোজ গরিব মানুষকে সোনা, ধন, রত্ন ইত্যাদি দান করতেন। তিনি যখন স্বর্গে গেলেন তখন দেখতে পেলেন অন্যান্য আত্মাদের যেখানে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে সেখানে তাকে দেওয়া হচ্ছে রাশিকৃত ধন। এই বৈষম্য দেখে অবাক হয়ে তিনি জিজ্ঞেস করলেন দেবরাজ ইন্দ্রকে,
খাবারের জিনিসের বদলে এইসব কেন?
দেবরাজ ইন্দ্র তখন বললেন, মানুষ স্বর্গে আসার পর সেগুলোই ফেরত পায় যেগুলো সে আজীবন করেছে। তুমি বেঁচে থাকাকালীন কখনো তোমার পূর্বপুরুষদের জল বা খাবার দাওনি তাই তুমিও সেটা পাচ্ছো না। তুমি গরীব মানুষদের ধন দিয়েছো তাই এখন তোমার জন্য সেটাই বরাদ্দ হয়েছে।
কর্ণ তখন ইন্দ্রকে বললেন, এতে তার কোন দোষ নেই কারণ তিনি নিজের জন্ম বৃত্তান্তই জানতেন না। যখন তিনি নিজের জন্মের কথা জানতে পেরেছেন তারপর তিনি অল্প সময় বেঁচে ছিলেন তাই পিতৃ পুরুষদের তর্পণ করা তার হয়ে ওঠেনি।
দেবরাজ ইন্দ্র তখন বুঝতে পারলেন এই ভুল কর্ণের ইচ্ছে করে করা নয়। কর্ণ পরিস্থিতির শিকার। তাই কর্ণকে তার ভুল শুধরে নেওয়ার জন্য তিনি তাকে ১৫ দিনের জন্য মর্তে ফেরত পাঠান। এই সময় কর্ণ মর্তে গিয়ে পিতৃপুরুষদের জল তিল অর্পণ করে আসেন। এই সময়টি হল পিতৃপক্ষ।
হিন্দু ধর্মে বলা হয় এই সময় পূর্বপুরুষরা পৃথিবীতে নেমে আসেন , যদি কোনও ব্যক্তি পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল ও তিল দান করেন, তাহলে সে পিতৃপুরুষদের আশীর্বাদ প্রাপ্ত হয়।