নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সমস্ত জল্পনা ও বিলগ্নীকরণের সম্ভাবনা উড়িয়ে দিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুর্গাপুরের এ্যালয় স্টিল প্ল্যান্ট (এএসপি)। কারখানাটির আধুনিকীকরণ ও বৃহৎ সম্প্রসারণ প্রকল্পে প্রাথমিক অনুমোদন দিয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (সেল) বোর্ড। গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত সেলের ৫৩৭তম বোর্ড বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে প্রকল্পটির জন্য আনুমানিক ১ হাজার ৭১৪ কোটি ৭ লক্ষ টাকার মূলধনী ব্যয়ে প্রাথমিক (স্টেজ-১) ছাড়পত্র দেওয়া হয়েছে। এই পদক্ষেপ দুর্গাপুরের শিল্পক্ষেত্রের বিকাশ, কারখানার ভবিষ্যৎ নিশ্চিতকরণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সেলের প্রজেক্ট বিভাগের জারি করা অনুমোদনপত্র অনুযায়ী, সমগ্র প্রকল্পের মূল দায়িত্ব দেওয়া হয়েছে ডিএসপি এবং ইসকো স্টিল প্ল্যান্টের ডিরেক্টর ইনচার্জ সুরজিৎ মিশ্রকে। মোট বরাদ্দের মধ্যে দুটি প্রধান আর্থিক খাত রয়েছে। প্রথম খাতে, নতুন প্ল্যান্ট ও অভ্যন্তরীণ পরিকাঠামো নির্মাণের জন্য ১ হাজার ৬০১ কোটি ৯৪ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।এই অংকে র মধ্যে যদিও জিএসটি ইনপুট ট্যাক্স ক্রেডিট বাবদ ১৯৯ কোটি ৫৫ লক্ষ টাকা অন্তর্ভুক্ত নয়। এর মধ্যে ১৩৮ কোটি ২৪ লক্ষ টাকা ভবিষ্যৎ ব্যয়ের সংস্থা রয়েছে। দ্বিতীয় খাতে, লিঙ্ক প্যাকেজ ও অন্যান্য সহযোগী কাজের জন্য ১১২ কোটি ১৩ লক্ষ টাকা ধার্য করা হয়েছে।
উক্ত প্রকল্পে কাজের ভিত্তি তারিখ ২০২৬ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিক ধার্য করা হয়েছে এবং মাঠপর্যায়ে চূড়ান্ত অনুমোদনের পর ৩০ মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট ওয়াকিবহাল মহলের মতে, এই বিপুল বিনিয়োগের ফলে এএসপি-র পুনরুজ্জীবনের পাশাপাশি আগামী দিনে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (ডিএসপি) ও এ্যালয় স্টিল প্ল্যান্টের (এএসপি) প্রাতিষ্ঠানিক সংযুক্তিকরণের পথও অনেকটাই প্রশস্ত হলো।