সংবাদদাতা,বাঁকুড়াঃ- অবৈধভাবে বালি পাচারের অভিযোগে ট্র্যাক্টর-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল ইন্দাস থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ইন্দাসের রোল ক্যানেল পাড়ের কাছে বালি বোঝাই ট্র্যাক্টরটি আটক করেন ইন্দাস থানার পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নম্বর প্লেটবিহীন একটি ট্র্যাক্টরে বালি বোঝাই করে বৈধ নথি ছাড়াই খণ্ডঘোষের দিক থেকে ইন্দাসের দিকে আসছিলেন অভিযুক্তরা। গোপন সূত্রে খবর পেয়ে ইন্দাস থানার পুলিশ রোল ক্যানেল পাড়ের কাছে ট্র্যাক্টরটিকে আটক করে। এরপর ট্র্যাক্টরের চালক ও মালিককে গ্রেফতার করা হয়।
ধৃতদের দু’জনেরই বাড়ি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ এলাকায় বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের দাবি, পুলিশের নজর এড়িয়ে অবৈধভাবে বালি পাচারের চেষ্টা চলছিল।
এই ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃত দু’জনকে আজ বিষ্ণুপুর আদালতে পেশ করা হয়েছে।