নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- মহিলা ঢাকিদের বোলের গমগম শব্দ, আর সেই ঢাকের তালে তাল মিলিয়ে মহিলাদের কোমর দুলিয়ে নাচ, আনন্দ ও আবেগ। মহালয়ার আগেই এমনই এক অভূতপূর্ব ও উৎসবমুখর দৃশ্যের সাক্ষী হয়ে উঠল দুর্গাপুরের বামুনাড়া বিবেকানন্দ পার্ক। সনাতন নিয়মে মহালয়ার পর দেবীপক্ষের সূচনা হলেও, এখানে দুর্গাপুজোর রজত জয়ন্তী বর্ষ তথা ২৫ বছর পূর্তির আবেগে গা ভাসিয়ে মহালয়ার একদিন আগেই উমাকে মণ্ডপে বরণ করে নিয়ে এলেন এলাকার মহিলারা। ঢাকের ছন্দ আর ধুনুচি নাচের যুগলবন্দিতে মণ্ডপ চত্বরে যেন সময়ের আগেই শুরু হয়ে গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব।
বামুনাড়া বিবেকানন্দ পার্কের এবারের দুর্গাপুজোর মূল ভাবনা বা থিম ‘নীরব যোদ্ধা’। সমাজ তথা পরিবারকে টিকিয়ে রাখতে ও এগিয়ে নিয়ে যেতে বাবারা নীরবে নিরলস লড়াই করে চলেন, তাঁদের সম্মান জানাতেই এই বিশেষ থিমের অবতারণা করেছেন উদ্যোক্তারা। পুজোর এই পঁচিশ বছরের মাইলফলককে স্মরণীয় করে রাখতে এবং থিমের রূপরেখাকে সার্থক করতেই এই অভিনব বরণ উৎসবের আয়োজন করা হয়।
এ দিন মণ্ডপ প্রাঙ্গণে বিশেষ আকর্ষণ ছিল মহিলা ঢাকিদের দল। তাঁদের হাতের কাঠির জাদুকরি ছন্দে নিজেদের আবেগ আর ধরে রাখতে পারেননি আবালবৃদ্ধবনিতা। ঘরের মেয়ের ঘরে ফেরার আনন্দে মেতে উঠে মেতে ওঠেন এলাকার মানুষ।