নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে রাখা সারাজীবনের কষ্টার্জিত সঞ্চয় নিমেষেই উধাও! ওটিপি শেয়ার না করে এবং কোনো চেক ব্যবহার না করেই অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল ৫ লক্ষ ৪৭ হাজার টাকা। চাঞ্চল্যকর এই ঘটনায় চরম আতঙ্ক ও দুশ্চিন্তায় পড়েছেন দুর্গাপুরের বিধাননগরের এক ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী পরিবার। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিধাননগরের বাসিন্দা অন্নপূর্ণা মালাকার ও তাঁর স্বামী পরিমল মালাকারের একটি ছোট কাপড়ের দোকান রয়েছে। দীর্ঘদিন ধরে তিল তিল করে ব্যবসা থেকে জমানো সঞ্চয় তাঁরা নিরাপদ মনে করে ব্যাঙ্ক অফ বরোদায় রেখেছিলেন। পুজোর পর সেই টাকা তুলে মহাজনদের পাওনা মেটানোর পরিকল্পনা ছিল দম্পতির।
কিন্তু গত ৩১ অক্টোবর ব্যাঙ্কে গিয়ে পাসবই আপডেট করতেই মাথায় আকাশ ভেঙে পড়ে অন্নপূর্ণা মালাকারের। তিনি দেখেন, অ্যাকাউন্টে অবশিষ্ট রয়েছে মাত্র ৩ হাজার ২০০ টাকা। অভিযোগ, অ্যাকাউন্ট থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছে ৫ লক্ষ ৪৭ হাজার টাকা।
অন্নপূর্ণা মালাকারের দাবি, তিনি কাউকে কোনো ওটিপি দেননি, নিজে কোনো চেকের মাধ্যমে টাকা তোলেননি বা কাউকে টাকা তোলার অনুমতিও দেননি। সম্পূর্ণ সুরক্ষিত থাকা সত্ত্বেও কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এত বিপুল পরিমাণ অর্থ গায়েব হয়ে গেল, তা ভেবে কূলকিনারা পাচ্ছেন না মালাকার দম্পতি।
ঘটনার তদন্ত ও খোয়া যাওয়া টাকা উদ্ধারের আর্জি জানিয়ে তাঁরা ইতিমধ্যেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তবে কবে এবং কীভাবে এই বিপুল পরিমাণ অর্থ ফেরত পাবেন, তা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তাঁরা।