নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:- দুর্গাপুরের বেনাচিতির গুরুদুয়ারা এলাকায় একটি ডেকোরেটর্সের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। দাহ্য পদার্থ মজুত থাকায় আগুনের তীব্রতা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এবং গোডাউনের ভিতরে থাকা বিপুল পরিমাণ সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর রাতা আচমকাই গোডাউন থেকে কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। জনবহুল এলাকায় এমন ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, গোডাউনের ভিতরে থাকা বাঁশ, কাপড় এবং ডেকোরেটর্সের অন্যান্য সরঞ্জাম সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
কীভাবে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত কি না, তা খতিয়ে দেখছেন দমকল ও পুলিশ আধিকারিকরা। পাশাপাশি, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণও হিসাব করা হচ্ছে।