নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- জাতীয় সড়কে গবাদি পশুর অবাধ বিচরণকে কেন্দ্র করে ফের বড়সড় সড়ক দুর্ঘটনা ঘটল দুর্গাপুরের পিয়ালা কালীমন্দিরের কাছে। আসানসোলগামী লেনে আচমকা সামনে চলে আসা গবাদি পশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন এক বাইক চালক। আহত চালকের নাম সঞ্জয় সাউ এবং তিনি স্থানীয় বিরুডিহার বাসিন্দা বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, গত রাতে কাজ সেরে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন সঞ্জয়বাবু। পিয়ালা কালীমন্দিরের কাছাকাছি পৌঁছলে রাতের অন্ধকারে দ্রুতগতির বাইকের সামনে হঠাৎই কিছু গবাদি পশু চলে আসে। সামলাতে না পেরে তিনি সজোরে আছাড় খেয়ে রাস্তায় পড়েন। দুর্ঘটনার পরই স্থানীয় পথচারী ও বাসিন্দারা দ্রুত ছুটে এসে তাঁকে উদ্ধার করেন এবং দুর্গাপুর ট্রাফিক পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কর্তব্যরত সিভিক ভলান্টিয়াররা। তাঁদের তৎপরতায় আহত সঞ্জয় সাউকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সের মাধ্যমে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
১৯ নম্বর জাতীয় সড়কের মতো ব্যস্ত ও দ্রুতগতির জাতীয় সড়কে গবাদি পশুর এই অবাধ চলাচল নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। রাতের অন্ধকারে এই ধরনের বিপজ্জনক পরিস্থিতি এড়াতে অবিলম্বে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি তুলেছেন যাত্রীরা।