সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের ডিএমসি মোড়ে ৩০ ফুট উচ্চতার বিশাল বজরংবলী মূর্তির উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার দুপুরে প্রদীপ জ্বালিয়ে ও ফলক উন্মোচনের মাধ্যমে এই মূর্তির আবরণ উন্মোচন করেন তিনি। পূর্বে এই স্থানে থাকা বিশ্ব বাংলা লোগোর জায়গায় নতুন এই মূর্তিটি স্থাপন করা হয়েছে। উদ্বোধন শেষে মুখ্যমন্ত্রী বিশেষ প্রার্থনা ও আরতিতে অংশ নেন।
এই ধর্মীয় ও সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে গোটা সিটি সেন্টার ও ডিএমসি মোড় এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন হিরণ্ময় মহারাজ, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই-সহ একাধিক সাধু-সন্ত, জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকরা। মূর্তিটি একনজর দেখতে সকাল থেকেই এলাকায় সাধারণ মানুষ ও দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক ভিড় জমেছিল।
উদ্বোধনী পর্বের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অত্যন্ত খোশমেজাজে দেখা যায়; তিনি নিজের হাতে উপস্থিত কর্মীদের মিষ্টিমুখ করান এবং তাঁদের কপালে গেরুয়া তিলক পরিয়ে দেন। এই কর্মসূচির পাশাপাশি এদিন তিনি দুর্গাপুরের ঐতিহ্যবাহী ভিড়িঙ্গি কালীমন্দিরেও যান এবং সেখানে পুজো দেন।