সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- বাড়িতে একা থাকার সুযোগে নাবালাকিকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশি এক যুবককে গ্রেফতার করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ফরিদপুর ফাঁড়ির পুলিশ। ধৃতের নাম তরুণ রাম। তিনি দুর্গাপুরের ওল্ড কোর্ট মোড় এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাবালিকার বাবা-মা দু’জনেই দিনমজুরের কাজ করেন। কাজের কারণে দিনের অধিকাংশ সময়ই তাঁদের বাড়ির বাইরে থাকতে হয়। সেই সুযোগে অভিযুক্ত যুবক নাবালিকার বাড়িতে গিয়ে একাধিকবার তাকে ভয় দেখিয়ে এবং ফুসলিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। সোমবার দুপুরে হঠাৎ নাবালিকার মা বাড়িতে ফিরলে অভিযুক্ত যুবককে হাতেনাতে ধরে ফেলে। তাকে মারধর করা হয় বলেও অভিযোগ। এরপর অভিযুক্তের বিরুদ্ধে দুর্গাপুরের ফড়িদপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তরুণ রামকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। অন্যদিকে নির্যাতিতা নাবালিকাকে চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।