নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ধনতেরাস উপলক্ষে পরিবারের সদস্যরা যখন বাজার করতে ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময় দুর্গাপুরের ৫৪ ফুট এলাকায় একটি আবাসিক বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় লাগা এই আগুনে বাড়ির সমস্ত আসবাবপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উৎসবের মরসুমের কেনাকাটা করতে পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে বাইরে গিয়েছিলেন। সেই ফাঁকা বাড়িতেই আচমকা আগুন লাগে এবং তা দ্রুত পুরো আবাসে ছড়িয়ে পড়ে। তবে দুর্ঘটনার সময় ঘরে কেউ উপস্থিত না থাকায় বড়সড় কোনও প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার খবর পাওয়া মাত্রই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। দমকল কর্মীদের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে এবং পার্শ্ববর্তী বাড়িগুলিতে আগুন ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়। দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, বাড়ির গ্যাস সিলিন্ডার থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।