সংবাদদাতা,কালনাঃ- যুবসমাজ ও এলাকাকে মাদক ও নেশার হাত থেকে রক্ষা করতে এবং 'নেশামুক্ত ভারত' গড়ার বার্তা দিতে এক বিশেষ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হল পূর্বস্থলীতে। শনিবার বিকেলে পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পূর্বস্থলী থানার মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয়েছিল MLA একাদশ ও IC একাদশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় IC একাদশকে ৬-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করে ট্রফি জিতে নেয় MLA একাদশ।
এদিনের ম্যাচে আমলারাও খেলার মাঠে সক্রিয় ভূমিকা পালন করেন। বিজয়ী MLA একাদশের হয়ে বুট পায়ে মাঠে নেমে নজর কাড়েন পূর্বস্থলী ২ নম্বর ব্লকের বিডিও (BDO) পারিজাত বোস। অন্যদিকে, পরাজিত IC একাদশের পক্ষে দলের হাল ধরে মাঠে নামেন পূর্বস্থলী থানার আইসি (IC) সুপ্রিয় রঞ্জন মাঝি। মূলত খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সচেতন করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
খেলা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল চট্টোপাধ্যায় যুবসমাজকে নেশামুক্ত ভারত ও সুস্থ সমাজ গড়ার লড়াইয়ে শামিল হওয়ার জোর আহ্বান জানান। তিনি বার্তা দিয়ে বলেন, "নেশামুক্ত এলাকা গড়ে উঠলে যেমন সামগ্রিকভাবে আমাদের পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে, ঠিক তেমনই প্রতিটি এলাকা নিজের পায়ে স্বনির্ভর হয়ে উঠবে।" এই বিশেষ সচেতনতামূলক ফুটবল ম্যাচটি দেখতে স্থানীয় মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।