নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে সেজে উঠেছে শিল্পাঞ্চল। আর এই আবহে পরিবেশ সচেতনতা ও সনাতন সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন ঘটিয়ে দর্শনার্থীদের মন জয় করছে দুর্গাপুরের উর্বশী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এবারের মাতৃ বন্দনায় তাঁদের বিশেষ ভাবনা— 'মঙ্গল ঘট'।
পুজো উদ্যোক্তাদের মতে, জলভরা মঙ্গল ঘট কেবল একটি ধর্মীয় অনুষঙ্গ নয়, এটি আসলে জীবনেরই এক শাশ্বত প্রতীক। ঘটের গায়ে সিঁদুরের পবিত্রতার চিহ্ন, মুখে সবুজ আম্রপল্লব শস্যপূর্ণ পৃথিবীর রূপ আর শীর্ষে থাকা নারকেল পরিপূর্ণতার সংকেত বহন করে। সব মিলিয়ে মাটি, জল, আকাশ, বৃক্ষ আর প্রাণের এক অনন্য কোলাজ ফুটে উঠেছে এই মণ্ডপে, যার গভীরে লুকিয়ে রয়েছে পৃথিবীর সমস্ত শুভ ও মঙ্গলকামনা।
এই ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে সম্পূর্ণ মণ্ডপটি নির্মাণ করা হয়েছে পাট, চট, মাটির কলসি, ভাঁড় সহ নানা রকমের পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে। এমন জিনিস ব্যবহার করা হয়েছে যা একসময় পৃথিবী থেকে জন্ম নিয়ে আবার সহজেই মাটির সাথে মিশে যায়।
উর্বশী সার্বজনীনের পুজো উদ্যোক্তারা সাধারণ মানুষের উদ্দেশ্যে দূষণহীন সুন্দর পরিবেশ গড়ে তোলার বার্তা দিয়েছেন। তবে শুধু বাইরের পরিবেশ নয় মানুষের মনও যাতে আলোকিত হয় এবং মঙ্গল ঘটের জলে একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন প্রতিফলিত হয়— এই প্রার্থনাই রাখছেন উদ্যোক্তারা।
ইতিমধ্যেই এই পরিবেশ বান্ধব মণ্ডপটি দেখতে ভিড় জমাচ্ছেন শিল্পাঞ্চলের দর্শনার্থী।