নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ দুর্গাপুর মহকুমা জুড়ে পরিকাঠামোগত নানা উন্নয়নমূলক কাজ শুরু করেছে। তারই মধ্যে বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস হল সোমবার।
প্রথম অনুষ্ঠানটি হয় দুর্গাপুর মহকুমার অন্তর্গত কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের কুলডিহা গ্রামে। এখানে একটি (RCC drain) নিকাশী নালা নির্মাণ কাজের শিলান্যাস করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার,এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, কাঁকসা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ গুপ্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
দ্বিতীয় শিল্যানাস অনুষ্ঠানটি হয় দুর্গাপুরের ব্যস্ততম রাস্তা সঞ্জীব স্মরণীর। ২.৫ কোটি টাকা ব্যয় এই রাস্তাটি সংস্কার ও প্রশস্ত করার সিদ্ধান্ত নিয়েছে এডিডিএ। এদিন সেই কাজের শিলান্যাস হয়। প্রসঙ্গত এই রাস্তার ভার্চুয়াল শিলান্যাস আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল, বিশিষ্ট সমাজসেবী উজ্জ্বল মুখোপাধ্যায়, শিল্পপতি নবনীত আগারওয়াল, উদ্যোগপতি সূর্য কেশ সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
এদিন দুর্গাপুর নগর নিগমের ৩৭ নম্বর ওয়ার্ড অঙ্গদপুর এলাকায় আরও একটি কাজের শিলান্যাস করা হয় এডিডিএ-এর তরফে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য এলাকায় বহুদিন ধরেই একটি কমিউনিটি হলের দাবি ছিল। সম্প্রতি এই প্রকল্পে সম্মতি দেয় এডিডিএ। এদিন কমিউনিটি হলের শিলান্যাস হয়। এখানেও উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার ও এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত। এছাড়াও ছিলেন স্থানীয় প্রাক্তন পুরপিতা স্বরূপ মন্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা ও স্থানীয় গ্রামবাসীরা।
রাজ্য সরকারের সংস্থা এডিডিএ-এর উদ্যোগে মহকুমা জুড়ে নানা উন্নয়ন কাজের সূচনায় স্বভাবিকভাবেই খুশি এলাকার মানুষজন। তাদের একটাই দাবি নির্দিষ্ট সময়ের মধ্যে যেন কাজগুলি সম্পন্ন হয়, যাতে তার লাভ নিতে পারে সাধারণ মানুষ।



















