নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- এডিডিএ-এর নির্মাণ কাজের সূচনা ঘিরে অশান্তি দুর্গাপুরের অঙ্গদপুরে। উপস্থিত প্রাক্তন তৃণমূল কাউন্সিলেরের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভিডিওতে দেখা যায় পরিস্থিতির সামাল দিতে কার্যতো হিমশিম খেতে হচ্ছে রাজ্যের মন্ত্রী ও এডিডিএ চেয়ারম্যানকে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এই বাংলায় ওয়েব পোর্টাল।
প্রসঙ্গত প্রায় এক কোটি টাকা ব্যয় অঙ্গতপুর এলাকায় একটি আধুনিক কমিউনিটি হল নির্মাণের পরিকল্পনা নিয়েছে এডিডিএ। সোমবার সেই কাজের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত ও এলাকার প্রাক্তন কাউন্সিলর স্বরূপ মণ্ডল। অভিযোগ স্বরূপ মণ্ডলকে দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়দের একাংশ। তাদের অভিযোগ আনুষ্ঠানের বিষয়ে কিছুই জানানো হয়নি, প্রাক্তন কাউন্সিলর নিজের পছন্দের লোকজনকে বাইরে থেকে এনে অনুষ্ঠান পরিচালনা করছেন এবং এলাকাবাসীকে উপেক্ষা করছেন।
এরপরই মন্ত্রী ও এডিডিএ চেয়ারম্যান বিষয়টিতে হস্তক্ষেপ করেন। মন্ত্রী স্থানীয় ক্লাবের সভাপতি সঙ্গে সরাসরি কথা বলেন এবং ভবিষ্যতে এমন সমস্যা আর হবে না বলে আশ্বস্ত করেন।
যদিও অভিযোগের জবাবে ফোনে প্রাক্তন কাউন্সিলর স্বরূপ মণ্ডল জানান, তিনি আগেই এলাকার ক্লাবের কর্মকর্তাকে সকলকে জানিয়ে দিতে বলেছিলেন। তাঁর বক্তব্য, “এরপরেও কেন এই ধরনের ঘটনা ঘটল, তা আমরা বুঝে উঠতে পারছি না।
অন্যদিকে ঘটনাটিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন, এই ঘটনা স্পষ্ট করে দিচ্ছে এলাকার তৃণমূলের মধ্যে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব চলছে আর সাধারণ মানুষকে তার জন্য ভুগতে হচ্ছে।


















