eaibanglai
Homeএই বাংলায়প্রধানমন্ত্রী আবাস যোজনার আবাসন বণ্টনে পুর নিগমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বিক্ষোভ

প্রধানমন্ত্রী আবাস যোজনার আবাসন বণ্টনে পুর নিগমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- প্রধানমন্ত্রী আবাস যোজনার আবাসন বণ্টনে পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হল স্থানীয়রা। প্রতিবাদে পথ অবরোধ ও বিক্ষোভ। ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়াল দুর্গাপুরের নবীন পল্লী এলাকায়।

প্রসঙ্গত সোমবার দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে প্রধানমন্ত্রী আবাস যোজনার বৈধ নথি তুলে দেওয়া হয় প্রাপকদের হাতে। আর এই দিনই নবীন পল্লী এলাকার একাংশ অভিযোগ করেন এলাকার প্রকৃত বাসিন্দাদের বঞ্চিত করে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় বহিরাগতদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে এবং রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে আবেদন করেও বহু যোগ্য স্থানীয় বাসিন্দা চূড়ান্ত তালিকায় স্থান হয়নি। অথচ এলাকার বহিরাগতদের হাতে আবাস যোজনার নথি তুলে দেওয়া হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় ও পথ অবরোধ করেন। বিক্ষোভ অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনা ছড়ায়।

অন্যদিকে স্থানীয়দের এই বিক্ষোভে তাদের পাশে দাঁড়ায় স্থানীয় বিজেপি নেতৃত্ব। স্থানীয়দের এই বিক্ষোভের নেতৃত্ব দেন বিজেপির তিন নম্বর মণ্ডলের সভাপতি বুদ্ধদেব মণ্ডল। এদিনের বিক্ষোভ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, যোগ্য আবেদনকারীদের আবাসন না দিলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।

যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়। তাঁর দাবি, সরকারি নিয়ম মেনে আবেদনকারীদের যাচাই-বাছাই করেই তালিকা প্রস্তুত করা হয়েছে এবং পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবেই সম্পন্ন হয়েছে। পাশাপাশি বহিরাগতদের আবাসন দেওয়ার অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments