eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে বিজেপির ‘সংকল্প পত্র পরামর্শ যাত্রা’র সাজেশন বক্সের উদ্বোধন

দুর্গাপুরে বিজেপির ‘সংকল্প পত্র পরামর্শ যাত্রা’র সাজেশন বক্সের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ জনতার মন বুঝতে বঙ্গ বিজেপির নতুন কর্মসূচি ‘সংকল্প পত্র পরামর্শ যাত্রা’। দলীয় নেতৃত্বের দাবি এই কর্মসূচির মাধ্যমে সরাসরি সাধারণ মানুষের কাছ থেকে পরামর্শ নিয়ে তৈরি হবে বিজেপি-র ইস্তেহার। শনিবার সল্টলেকে দলীয় কার্যালয় থেকে উদ্বোধন করা হয় এই কর্মসূচির। এই কর্মসূচিতে রাজ্য জুড়ে ১ হাজার জায়গায় ড্রপ বক্স বা সাজেশন বক্স রাখার ব্যবস্থা করা হয়েছে।

এদিন দুর্গাপুর পশ্চিম বিধানসভা এলাকায় ‘সংকল্প পত্র পরামর্শ যাত্রা’ কর্মসূচির সাজেশন বক্সের উদ্বোধন করেন দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ ঘড়ুই। দুর্গাপুরে ট্রাঙ্ক রোডে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই বক্সের উদ্বোধন করা হয়। বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা সম্পাদক অভিজিৎ দত্ত, মুখপাত্র সুমন্ত মন্ডল সহ বিজেপির কর্মী সমর্থকরা।

এদিন বিধায়ক বলেন, “সারা রাজ্য জুড়ে ১০০০ সাজেশন বক্সের উদ্বোধন করা হয়েছে। রাজ্যের মানুষের কি প্রত্যাশা রয়েছে বিজেপির কাছে সেগুলি তারা তুলে ধরতে পারবেন। এছাড়াও অভিযোগ জানাতে পারবেন মোবাইল নম্বরে ( 9727294294) ও ইমেইল(sankalp.wb2026@bjpbengal.org) মারফত।” ২০২৬ বিধানসভা নির্বাচনে মানুষের প্রত্যাশা নিয়েই বিজেপি জিতবে বলে দাবি করেন বিধায়ক ।

অন্যদিকে বিজেপির এই কর্মসূচি নিয়ে কটাক্ষ করেছে শিল্পাঞ্চলের তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী কটাক্ষের সুরে বলেন, “বিজেপির নাটক মানুষ বুঝতে পারছে। তৃণমূল সরকার নানা রকম জনমুখী প্রকল্প করছে। সেই জন্যই ওরা হতাশাগ্রস্ত হয়ে এইসব করছে। বাংলায় ওদের কোন জায়গা হবে না।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments