নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- চাকরির দাবিতে অভিনব কর্মসূচি বিজেপি যুব মোর্চার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে চাকরির দাবি জানাতে পথে নামল বিজেপি।
মঙ্গলবার এই কর্মসূচিতে যুব মোর্চার সদস্যদের সঙ্গে নিয়ে দুর্গাপুরের ব্যস্ততম বেনাচিতি বাজারে পোস্টকার্ড ও ড্রপ বক্স নিয়ে পথে নামেন বিজেপি নেতৃত্ব। এবং বাজারের বেকার যুবক-যুবতীদের হাতে পোস্টকার্ড তুলে দিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার আবেদন জানান তারা। বেনাচিতি বাজারের কাইজার মোড় এলাকা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে ড্রপ বক্স নিয়ে ঘুরে ঘুরে পোস্টকার্ড সংগ্রহ করেন যুব মোর্চার নেতারা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই এবং যুব মোর্চার রাজ্যস্তরের নেতা পারিজাত গাঙ্গুলী।
বিজেপি নেতৃত্বের দাবি, গত প্রায় পনেরো বছরে ধরে রাজ্যের শাসনভার তৃণমূল কংগ্রেসের হাতে। অথচ এই দীর্ঘ সময়ে কোন নতুন শিল্প আসেনি রাজ্যে। দিন দিন রাজ্যে বেকারের সংখ্য়া ক্রমশ বেড়েছে। রাজ্যের কোটি কোটি যুবক যুবতী চাকরি থেকে বঞ্চিত। কাজের অভাবে ভিন রাজ্যে ছুটতে হচ্ছে নতুন প্রজন্মের শ্রমিক থেকে কর্মীদের। তাই পোস্টকার্ডের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে চাকরির আবেদন জানানো হচ্ছে।


















