নিজস্ব সংবাদদাতা,দুর্গপুরঃ- বাক্যবাণে উত্তপ্ত দুর্গাপুরে নির্বাচনী প্রচার। তৃণমূলকে তীব্র আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর। যা নিয়ে শিল্পশহরে শুরু রাজনৈতিক তরজা।
বুধবার দুর্গাপুরের ক্ষুদিরাম মাঠ সংলগ্ন বিজেপির দলীয় কার্যালয় থেকে দুর্গাপুর পশ্চিমের দলের প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুইয়ের প্রচারে যোগ দেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আর এই প্রচারে নেমে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানান তিনি। তাকে বলতে শোনা যায় “চোর এসছে বাড়ির কাছে, তাই চোর তাড়ানোর জন্য গরম জল আর ডান্ডা রাখুন। নির্বাচনে আঙ্গুল ডান্ডা ব্যবহার করুন এবং চোরেরা এলে বিজেপিকে কল করুন। পাশাপাশি ভোটের দিন ইভিএমে ভোট দেওয়ার সময় ‘ডান্ডা ব্যবহার করুন ( ভোট দেওয়ার জন্য হাতের আঙুল)’ বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেন তিনি।”
তিনি আরো বলেন, “রাজ্যে কর্মসংস্থানের অভাবের কারণেই বহু যুবক-যুবতী অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছেন। তবে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে দুর্গাপুরকে শিল্প করিডর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে ভবিষ্যতে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলবে। কলকারখানা খুলবে। পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা সম্ভব হবে।”
অন্যদিকে দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থীকে আক্রমণ করে সৌমিত্র খাঁ বলেন, “এই ধরনের প্রার্থীদের ভোট দিলে সাধারণ মানুষের কোনও উন্নতি হবে না। বরং কয়েকজনই লাভবান হবেন। মানুষের জীবন আরো দুর্বিষহ হয়ে যাবে।”
এদিকে বিজেপি সাংসদের পাল্টা হিসেবে জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন,”যিনি তৃণমূলকে চোর বলছেন, তারা তো ডাকাতের দল। কারণ বিগত দিনেও দেখা গেছে মানুষকে কিভাবে ওরা সমস্যায় ফেলেছে। টাকা লুট করে নিয়ে বিদেশে পালিয়েছে। মানুষ সব বোঝে, আর শুধু বাংলা থেকেই নয়, দেশ থেকেও আগামী দিনে বিজেপিকে উৎখাত করে দেবে।”
রাজ্যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ঘিরে ক্রমেই রাজনৈতিক পারদ চড়ছে দুর্গাপুর শিল্পাঞ্চলে।











