নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রবিবার দুর্গাপুরে শ্বেতপত্র প্রকাশ করল বিজেপি। এদিন দুর্গাপুরের ৩১ নম্বর বিদ্যাসাগর এভিনিউয়ের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে শ্বেতপত্র প্রকাশ করেন বর্ধমান দুর্গাপুর জেলার বিজেপির সভাপতি অভিজিৎ তা। বৈঠকে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই।
শ্বেত পত্রে মূলত উঠেছে কর্মসংস্থান ও বেকারত্বের বিষয়টি। একদিকে যেমন দাবি করা হয়েছে বিজেপি ক্ষমতায় এলে, বেকারদের তিন হাজার টাকা করে ভাতা দেওয়া হবে অন্যদিকে তেমনি দুর্গাপুরের বন্ধ কলকারখানা চালু করারও আশ্বাস দেওয়া হয়েছে। বেকারদের কর্মসংস্থানেরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে শ্বেতপত্রে। এছাড়া যারা রাষ্ট্রায়ত্ত কারখানা গুলিতে অবৈধ ও অসাধু উপায়ে শ্রমিক নিয়োগ করছে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে বলে দাবি করা হয়েছে। অন্যদিকে রাজ্য সরকারের লক্ষী ভাণ্ডারের মতোই বিজেপি ক্ষমতায় এলে মহিলাদেরও অন্নপূর্ণা যোজনায় ভাতা দেওয়ার কথাও জানানো হয়েছে।
এদিন শ্বেতপত্র প্রকাশের পাশাপাশি বৈঠকে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শো বিষয়েও বিষদে জানানো হয়। জানানো হয় স্টিল টাউনশিপের রাজেন্দ্র প্রসাদ কালী মন্দির থেকে শুরু হবে অমিত শাহের রোড শো। দুর্গাপুরের চন্ডীদাস বাজার হয়ে মার্কনী দুর্গাপুজো ময়দানের সামনে শেষ হবে।
প্রসঙ্গত, আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যের জেলায় জেলায় ঘুরে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার ও সভা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার দুর্গাপুরের দুই বিধানসভা প্রার্থীর জন্য রোড শো করবেন তিনি।
















